২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীকে ধর্ষণের মামলায় পুলিশ সুপার মোক্তারের জামিন

এক নারী সহকর্মীর দায়ের করা ধর্ষণের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোক্তার হোসেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 03:43 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

সেই সঙ্গে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১১ এপ্রিল তারিখ রেখেছেন ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী।

পুলিশ কর্মকর্তা মোক্তার সোমবার এ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী নজিব উল্যাহ হীরু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার বাদী এজলাসে হাজির থেকে জামিনে আপত্তি নেই বলে জানালে বিচারক আসামির আবেদন মঞ্জুর করেন।”

মোক্তারের আইনজীবী জামিন শুনানিতে বলেন, “অভিযোগকারীর সঙ্গে মোক্তারের ৬০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছিল। ওই টাকা তিনি এর আগে পরিশোধও করেছিলেন। ভুল বোঝাবুঝির কারণে এ মামলা।

মামলার বাদী পুলিশের একজন পরিদর্শক। গত বছরের ১২ অগাস্ট তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মোক্তারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। তার বক্তব্য শুনে আদালত অভিযোগটি সরাসরি এজাহার হিসাবে গণ্য করতে উত্তরা পূর্ব থানাকে নির্দেশ দেন। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে।

মামলা হওয়ার সময় বাগেরহাট জেলায় পিবিআইয়ের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মোক্তার। মামলা নথিভুক্ত হওয়ার পর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ছুটিতে যান তিনি।

এদিকে তদন্ত শেষে গত ৩০ জানুয়ারি পুলিশ সুপার মোক্তার হোসেনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম স্কোয়াডের পরিদর্শক জসিম উদ্দিন। মোট ২০ জনকে সেখানে সাক্ষী করা হয়।

সোমবার অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক ১১ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির তারিখ রাখেন বলে জানান এ আদালতের কর্মচারী মো. দীপু মিয়া।  

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(১) ধারায় দেওয়া ওই অভিযোগপত্রে বলা হয়েছে, “মোক্তারের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ফুসলিয়ে এবং জোর খাটিয়ে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।”

অভিযোগপত্রে মোক্তারকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছিল। তবে বিষয়টি আমলে নেওয়ার দিনেই তিনি আদালতে আত্মসমর্পণ করলেন।

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা নারী সহকর্মীর  

অভিযোগপত্রে  বলা হয়েছে, মামলার বাদী ২০১৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানের দারফুরে যান। পরের বছর ২০১৯ সালের মে মাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান মোক্তার হোসেন। তারা মিশনের ভিআইপি অ্যাকোমোডেশন ক্যাম্পে থাকতেন। মামলার বাদী ২০২০ সালের ৩০ জুন মিশন শেষে দেশে ফেরেন। আর মোক্তার ফেরেন ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি।

বাদীর অভিযোগ, মিশনে থাকাকালে ২০১৯ সালের ২০ ডিসেম্বর মোক্তার তাকে ‘ধর্ষণ’ করেন। দুদিনের মাথায় ২২ ডিসেম্বর ফের ‘ধর্ষণ’ করেন তাকে। এরপর ৩০ জানুয়ারি তাকে ‘ফুসলিয়ে, ভুল বুঝিয়ে, মুখে কালেমা পড়িয়ে মৌখিকভাবে বিয়ে করেন’ মোক্তার। বাংলাদেশে ফিরে বিয়ে রেজিস্ট্রি করার আশ্বাস দিয়ে ফের ‘ধর্ষণ’ করেন।

একইভাবে ২০২০ সালের ২৬ জুন থেকে ৩০ জুন সুদানের খার্তুমে এবং পরে ছুটিতে দেশে এসে ঢাকার উত্তরার একটি হোটেলেও মোক্তার ‘ধর্ষণ’ করেন বলে বাদীর অভিযোগ।

তদন্ত কর্মকর্তা লিখেছেন, ঘটনা বিদেশে হওয়ায় সরেজমিনে তদন্ত করা বা সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি। সে সময় মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলে কেউ বলেননি যে তারা ঘটনার বিষয়ে অবগত। বাদী নিজেও বলেছেন, তিনি সেখানে থাকাকালে ধর্ষণের বিষয়ে কাউকে অবহিত করেননি, মিশন কর্তৃপক্ষের কাছেও কোনো অভিযোগ করেননি।

“আসামি মোক্তারের পরিবার ঢাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করছিল। এ অবস্থায় বাদীর সঙ্গে আসামির হোটেলের অবস্থান অভিযোগকে সমর্থন করে। আসামি ও বাদী দুজনই বিবাহিত। আসামির প্রতিশ্রুতিতে বাদী ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি তার স্বামীকে ডিভোর্স দেন। এরপর তিনি ২০২১ সালের ১২ এপ্রিল স্ত্রীর স্বীকৃতি দাবিতে আসামি মোক্তারের বাসায় গেলে তাকে নাজেহাল করা হয়।

“মামলার তদন্তে সাক্ষ্য-প্রমাণে প্রকাশ পায় যে, আসামি মোক্তার হোসেন বাদীকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন, যা ধর্ষণের শামিল। সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে দেখা যায়, ধর্ষণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।”