২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হয়ে গেল পুলিশ-হাকিম সম্মেলন

মামলার তদন্তে আরও বেশি গুরুত্ব দেওয়া এবং বেশ কিছু পরামর্শ উঠে এসেছে ঢাকায় অনুষ্ঠিত পুলিশ-হাকিম সম্মেলনে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 08:28 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে হাই কোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, “দ্রুততম সময়ের মধ্যে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার।

“আর এই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে ও আইনের বিধান অনুসরণ করে কাজ করার জন্য আহ্বান করছি।”

মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ বলেন, “মানি লন্ডারিং আইন, দুদক আইন ও মাদক আইনের মামলার ক্ষেত্রে প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলো সমন্নয় করে তদন্ত করতে হবে।”

মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম বলেন, ”মামলার তদন্ত প্রতিবেদন মামলার ভিত্তি রচনা করে দেয়।

“তদন্তের ক্ষেত্রে যে ধরনের অনিয়ম হয়ে থাকে, সেগুলোর ভুল ফাইন্ডিং এ আসার পরে যেন আর ভুল না হয় সে বিষয়ে সর্তক থাকতে হবে।”

তদন্ত তদারকি কর্মকর্তাদের এ বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদও দেন তিনি।

দ্রুততর সময়ের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাক্ষীর উপস্থিতি বাড়ানো, আলামত হাজির করা, আলামত নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দিক নির্দেশনা দেন মুখ্য মহানগর হাকিম।

তিনি পেশাদার মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারীসহ অন্য পেশাদার অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ‘বিশেষ গুরুত্ব দিয়ে’ ও ’দ্রুত সময়ের মধ্যে’ তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেন।

সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার ২৫ জন ওসি, বিভিন্ন জোনের ডিসি, পিবিআই, র‌্যাব, দুদক, মাদক, কারা কর্তৃপক্ষ, পিপি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন হাসপাতালের পরিচালকদের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।