২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন এমপিওভুক্তি এ মাসেই: শিক্ষামন্ত্রী

চলতি মাসেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 11:15 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বৃহস্পতিবার এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ- ইরাব’র সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, “খুব দ্রুত আমরা এমপিওভুক্তির কাজ করব। এ মাসের মধ্যেই।”

গত বছরের ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। তাতে নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ মিলিয়ে সাড়ে চার হাজারের বেশি আবেদন পড়েছে। এছাড়া প্রায় চার হাজার মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে।

আবেদনকৃত মোট সাড়ে আট হাজার প্রতিষ্ঠানের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান সাড়ে ৬ হাজার। আবেদন পাওয়ার পর কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা যায়, তা যাচাই-বাছাই চলছে।

সর্বশেষ ২০১৯ সালের ২৩ অক্টোবর ২ হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।

বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৯১০টি। এর মধ্যে স্কুল ১৮ হাজার ১৯৭টি, কলেজ ২ হাজার ৩৬৫টি, মাদ্রাসা ৭ হাজার ৬১৮টি।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুপারিশপ্রাপ্তদের নিয়োগের ক্ষেত্রে নানা অনিয়মের দূর করতে কাজ করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

মাধ্যমিকে পুরোদমে ক্লাস নিয়ে ভাবছেন মন্ত্রী

মহামারী পরিস্থিতির উন্নতিতে প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরুর পর এখন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেও প্রতিদিন ক্লাস শুরু করার কথা ভাবা হচ্ছে।

দীপু মনি বলেন, “আমরা মাধ্যমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমও স্বাভাবিক করতে চাই। তবে এক্ষেত্রে কিছু বিষয় নিয়ে ভাবছি আমরা। আমাদের অনেক বড় বড় স্কুলে এক ক্লাসে অনেক শিক্ষার্থী। সব শ্রেণির শিক্ষার্থীরা যখন একসাথে স্কুলে আসবে, তখন সেখানে জটলা হবে। এ কারণেই বিষয়টি নিয়ে ভাবছি আমরা।”

ঢাকার হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় ইরাবের সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমন, নির্বাহী সদস্য সাব্বির নেওয়াজসহ শিক্ষা সংশ্লিষ্ট সাংবাদিকরা অংশ নেন।