অনলাইনে জুয়া-অর্থপাচার: এজেন্টসহ গ্রেপ্তার ৫
অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার আসর চালানো এবং বিদেশে অর্থ পাচারে জড়িত একটি চক্রের এজেন্টসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
গ্রেপ্তাররা হলেন- তোফায়েল ইসলাম রাসেল (২৭), শাকিল খান (৩৫), পারভেজ (২৪), সাগর (৩০), জিয়াউল হক রনি (৩৯)।
কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ইমাম হোসেন।
বৃহস্পতিবার মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে এ কর্মকর্তা জানান,তাদের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল।
চক্রটি আইপিএল, বিপিএল, সিপিএল ছাড়াও বিভিন্ন খেলার বেটিং প্ল্যাটফর্ম বেটথ্রিসিক্সটিফাইভ ডটকম ও নাইনউইকেট ডটকমের মতো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়াল মুদ্রা দিয়ে জুয়া খেলা চালিয়ে আসছিল।
অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জানান, অভিযানে নেমে প্রথমে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিল, পারভেজ, সাগর এবং রনিকে গ্রেপ্তার করে সিআইডি।
সংবাদ সম্মেলনে ইমাম হোসেন বলেন, “গ্রেপ্তাররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হয়।
“পরে বেকার যুবকদের টার্গেট করে অল্প সময়ে প্রচুর টাকা উপার্জনের লোভ দেখাতে থাকে চক্রটি। এরপর ধাপে ধাপে অনলাইন জুয়া-বেটিংয়ে আসক্ত করে তোলে।”
এই চক্রের সদস্যরা অবৈধভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিদেশে অর্থপাচার করে আসছে বলেও জানান সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক।
“গ্রেপ্তার রাসেল ইংল্যান্ড ভিত্তিক বেটথ্রিসিক্সটিফাইভ ডটকমের অনলাইন গেম বিলিং অ্যাকাউন্ট বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করে টাকার বিনিময়ে অনেকের কাছে সরবরাহ করত”
ইমাম হোসেন বলেন, “তোফায়েল ইসলাম রাসেল অনার্সের ছাত্র। তার ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা থাকায় অনলাইন গ্যাম্বলিংয়ে ভার্চুয়াল ডলার সংগ্রহ করে।
“তা বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহার করে বাংলাদেশি মুদ্রায় পরিণত করার জন্য নেটেলার, স্ক্রিল নামক ভার্চুয়াল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করে থাকে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘অনলাইন গ্যাম্বলিং’ এবং ‘ডলার বাই অ্যান্ড সেলিং’ গ্রুপের মূল এজেন্ট রাসেল এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন।
সিআইডি কর্মকর্তা বলেন, “রাসেল নিজে এই বিষয়ে বিশেষভাবে পারদর্শী হওয়ায় সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ‘ডলার বাই অ্যান্ড সেলিং’ গ্রুপের এজেন্ট হিসাবে কাজ করে।
“এই লক্ষ্যে ভার্চুয়াল ইউএস ডলার অনলাইন জুয়াড়িদের মধ্যে কমিশন ভিত্তিতে সরবরাহ করে। কোনো কারণে ভার্চুয়াল ইউএস ডলার অনলাইনে আটক হলে আসামী রাসেল তাদের ছাড়াতে বিশেষভাবে পারদর্শী।”
গ্রেপ্তার শাকিলকে জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধলে সিআইডি জানায়, রাসেলের বিশেষ সহযোগী শাকিল। মাহিম খান ছদ্মনামে ব্যবসায়ীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন।
এর মাধ্যমে তিনি নাইনউইকেট এবং বেটথ্রিসিক্সটিফাইভ ওয়েবসাইটে অনলাইন গ্যাম্বলিং করে থাকে। শাকিল নিজেকে নাইনউইকেট ডটকমের স্থানীয় এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে আসছে।
ইমাম হোসেন বলেন, “এ চক্রটি যুব সমাজের নৈতিক অবক্ষয় ও ধ্বংসের উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলে ডিজিটাল প্রতারনার মাধ্যমে অবৈধ ই-ট্রানজেকশন ও সহায়তা করে কোটি কোটি টাকা লেনদেন করাসহ নিজেদের নাম-পরিচয় গোপন করে পরে ছদ্মবেশ ধারণ করে।”
তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানায় সিআইডি।
