২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিয়ের জন্য চাপ দেওয়ায়’ খুন হন আশুলিয়ার আঁখি: সিআইডি

ঢাকার আশুলিয়ায় রাস্তার পাশ থেকে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 07:07 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

নিহত আঁখি আক্তার নাজনীন (৩০) এবং গ্রেপ্তার আব্দুল্লাহ শেখ (২৪) স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীপুর এলাকায় বসবাস করে আসছিলেন।

বিয়ের জন্য চাপ দেওয়ায় আঁখিকে খুন করে আব্দুল্লাহ তার লাশ সড়কের পাশে ফেলে পালিয়ে যান বলে পুলিশের ভাষ্য।

গত ২৫ ফেব্রুয়ারি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকার সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা এবং কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় আঁখির লাশ উদ্ধার করা হয়।

দুদিন পর আঁখির দুলাভাই মো. শফিকুল ইসলাম (৪১) অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

সেই মামলার তদন্তে নেমে সিআইডির এলআইসি শাখার একটি দল বুধবার রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাতইল এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিআইডির বিশেষ সুপার মুক্তা ধর।

সংবাদ সম্মেলনে বলা হয়, আঁখির সঙ্গে এর আগে মো. আলমগীর হোসেন (৩১) নামে এক ব্যক্তির বিয়ে হয়েছিল। তারা দুজনেই আশুলিয়ার নরসিংহপুরে শারমীন গ্রুপে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তাদের ৬ বছর বয়সী একটি সন্তানও আছে।

এর মধ্যেই কোনো এক সময় আঁখি ও আব্দুল্লাহ শেখের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নয় মাস আগে আলমগীরকে তালাক দিয়ে আব্দুল্লাহর সঙ্গে চলে যান আঁখি।

সিআইডির বিশেষ সুপার মুক্তা ধর বলেন, শ্রীপুর এলাকায় সাড়ে তিন হাজার টাকায় বাসা ভাড়া করে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করছিলেন আঁখি ও আব্দুল্লাহ।

“আঁখি কাবিন রেজিস্ট্রি করার জন্য আব্দুল্লাহকে বললে, সে বিভিন্ন অজুহাতে টালবাহানা করতে থাকে। ঘটনার দিন বিকাল ৫টার দিকে আঁখি বিয়ের কাবিন রেজিস্ট্রি করার বিষয়ে বারাবার তাগিদ দিলে আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশটি ঘরের ভিতর রেখে অপেক্ষা করতে থাকে।

“রাত গভীর হলে সে সুযোগ বুঝে তাকে আশুলিয়ার রাঙ্গামাটি এলাকায় সড়কের পাশে কাঁথা মোড়ানো অবস্থায় ফেলে পালিয়ে যায়।"

মুক্ত ধর বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”