বাসের জানালা দিয়ে মোবাইল ছিনতাই, ধরতে গিয়ে ঢাবি শিক্ষার্থী আহত
রাজধানীর সিটি কলেজের কাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
বুধবার বিকালে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে মিরপুরের দিকে যাওয়ার পথে সিটি কলেজের কাছে মাহবুবুর রহমান (২৫) বাসে থাকা অবস্থায় ছিনতাইকারীর কবলে পড়েন।
পুলিশ গণপিটুনির শিকার ওই ছিনতাইকারী রুবেলকে (২২) গ্রেপ্তারও করেছে।
ধানমণ্ডি থানার এএসআই আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের বাসে করে সাভার যাওয়ার সময় মাহবুবুর রহমানের মোবাইলটি বাসের জানালা দিয়ে এক ছিনতাইকারী টান মেরে নিয়ে চলে যায়।
"মাহবুবুর বাস থেকে নেমে ছিনতাইকারীকে দৌড়ে ধরে ফেললে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।"
এসময় আশপাশের লোকজন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মাহবুবুর মাথায় বেশ আঘাত পেয়েছে জানিয়ে তিনি বলেন, পরে পুলিশ গিয়ে দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
“প্রাথমিক চিকিৎসা শেষে রুবেলকে সন্ধ্যার পর শাহবাগ থানায় নেওয়া হয়েছে, মাহবুবুর রহমানের চিকিৎসা চলছে।”
একাত্তর হলের আবাসিক ছাত্র মাহবুবুর রহমান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
