ধর্ষণের অভিযোগ: ‘মামলা না নেওয়ায়’ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
ধর্ষণের অভিযোগ এবং ওই ঘটনায় মামলা না নিয়ে আসামিদের আটকের পর ‘ঘুষ নিয়ে’ ছেড়ে দেওয়ার অভিযোগে ঢাকার হাতিরঝিল থানার পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক নারী।
ছবি: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (ফাইল)
মঙ্গলবার সকালে ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে তিনি এই আবেদন করেন বলে জানান ওই ট্রাইবুনালের পেশকার ইশতিয়ার আলম।
ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত ওই নারীর জবানবন্দি নিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি পরে আদেশ বলে জানিয়েছেন পেশকার ইশতিয়ার ও বাদীরআইনজীবী মো. জাকির হোসেন হাওলাদার।
মামলায় হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ, পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক, পরিদর্শক (অপারেশন্স) গোলাম আজম, এসআই শরীফুল ও এসআই চয়নকে আসামি করা হয়েছে।
এ ছাড়া ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে ওই নারীর কথিত স্বামী তানিম রেজা বাপ্পী, তার বন্ধু পান্নু হাওলাদার, ইউনুস, জাভেল হোসেন পাপন, মো. জামাল, মো. রাকিবুল হাসান, মোসাম্মৎ আলেয়া ও তোফাজ্জল হোসেন নামের আটজনকেও আসামি করা হয়েছে।
মামলার আবেদনে বলা হয়, মামলার ১ নম্বর আসামি তানিম রেজা বাপ্পী ওই নারীর সঙ্গে পরিচয়ের পর ‘ফুসলিয়ে’ তাকে ২০২০ সালের ২২ অক্টোবর বিয়ে করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন বাপ্পীর বন্ধু পান্নু, ইউনুস, পাপন, জামাল, রাকিবুল হাসান ও আলেয়া ও বিয়ে সম্পাদনের কাজী তোফাজ্জল।
বিয়ের পর ওই নারীর তার বাবার বাসায় বাপ্পীকে নিয়ে থাকা শুরু করেন। কিন্তু মাস দুই পর বাপ্পীর কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় বাপ্পীর কাছে বিয়ের কাবিননামা চান তিনি।
অভিযোগে বলা হয়, কাবিননামা না দেখিয়ে ‘তালবাহানা’ শুরু করলে তাদের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে বাপ্পী তাকে মারধর করেন। পরে কাজী তোফাজ্জলের কাছে কাবিননামা চাইলে তিনি বিয়ে পড়ানোর কথা অস্বীকার করেন।
বিয়ের নামে প্রতারণা করে বাপ্পী তাকে ধর্ষণ করেন ও অন্যরা সহযোগিতা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করেন ওই নারী। তিনি বর্তমানে ঢাকার খিলগাঁওয়ে বাবার বাসায় থাকছেন।
এজাহারে তিনি আরও বলেন, গত ১৩ ফেব্রুয়ারি রাতে বাপ্পী, পাপন, জামাল মিলে তাকে ধর্ষণ করেন। আলেয়া সে ঘটনার ভিডিও ধারণ করেন। পরদিন রাত পৌনে ৪টায় ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন তিনি।
১৬ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ওই নারী একটি লিখিত অভিযোগ জমা দেন। তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রেখে পুলিশ অন্য আসামিদের আটক করে। কিন্তু ধর্ষণের কোনো আলামত পুলিশ জব্দ করেনি বলে অভিযোগে বলেন ওই নারী।
পুলিশের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, “তারা ঘটনা মীমাংসার কথা বলে অন্য আসামিদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়ে তাদের ছেড়ে দেয়। এর মাধ্যমে পুলিশ বাপ্পী ও অন্যদের সহযোগিতা করেছে।”
তবে পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই নারী যে দিন আসেন, সেদিন থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। ধর্ষণের অভিযোগ করার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে দুইজন এসআই ও একজন নারী পুলিশসহ ওই নারীকে পাঠান হয়। কিন্তু সে জায়গায় কয়েকজন ছিলেন, তারা জানায় যে এখানে অভিযোগকারী আসেনি।
“পরে সবাইকে থানায় এনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।”
তিনি বলেন, “বিষয়টি সন্দেহ হওয়ায় সিনিয়র অফিসারদের সহযোগিতায় অভিযোগ দেওয়া নারীর মোবাইল নম্বর ট্র্যাকিং করে দেখা যায় যে, ওই নারী কখনই ওই এলাকায় যায়নি। আর যেই সময় তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ আনা হয়েছে; সেই সময় ওই নারীকে অন্য এলাকায় ট্র্যাকিং করে পাওয়া যায়।”
বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ ওই নারীর অভিযোগ আমলে নেয়নি জানিয়ে ওসি রশিদ বলেন, “ওই নারী কাউকে ইচ্ছে করে ফাঁসাতে চাচ্ছেন। পুলিশ সদরদপ্তরে অভিযোগ দিয়েছিলেন সেই নারী, আমরা সেখানেও আমাদের বক্তব্য বলেছি।”
“ঘুষের বিষয়টিও ষড়যন্ত্রমূলক,” বলেন তিনি।
