জাতীয় পরিবেশ পদক পাচ্ছে রাজশাহী সিটি
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে ২০২১ সালের জাতীয় পরিবেশ পদক পাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন।
একই ক্যাটাগরিতে ব্যক্তি পর্যায়ে পদক পাচ্ছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার এম এ মতিন (মতিন সৈকত)।
আর পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে এ পুরস্কার পাচ্ছেন পাখি বিশেষজ্ঞ, আলোকচিত্রী, অভিযাত্রী ইনাম আল হক।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে এ পদক পাবে বেসরকারি পরিবেশ, উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান 'বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজেনাস নলেজ (বারসিক)'।
বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০২১ সালের পদকের জন্য নাম চূড়ান্ত করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি, প্রতিষ্ঠান বাইশ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের দামের সমান অর্থ এবং আরও ৫০ হাজার টাকা পাবে।
সাধারণত জুন মাসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক বিতরণ করেন।
পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল হামিদ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
