২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

রাজধানীর উত্তরায় গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 10:22 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

মঙ্গলবার সকালে কসাইবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উত্তরা পশ্চিম থানার ওসি জহিরুল ইসলাম জানান।

নিহত সিদ্দিকুর রহমান (৩৫) বসুন্ধরা গ্রুপে চাকরি করতেন। সকালে মোটর সাইকেলে অফিসে যাওয়ার সময় তিনি দুর্ঘটনায় পড়েন।

তার স্ত্রী মাহমুদা পারভীন বলেন, কসাইবাড়ি এলাকায় একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে  গুরুতর আহত হন সিদ্দিকুর। আশপাশের লোকজন তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, গাড়িটি পুলিশের ছিল।”

তবে উত্তরা পশ্চিম থানার ওসি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “সিদ্দিকুর একটি লরির ধাক্কায় মারা গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।”

গাড়িটি পুলিশের ছিল কি না জানতে চাইলে তিনি হেসে বলেন, “পুলিশের কি লরি আছে? আশপাশের কোনো সিসি ক্যামেরা ফুটেজ আছে কি না তা দেখে এবং লরিটি শনাক্তের পর নিশ্চিত হওয়া যাবে কোন

গাড়ির ধাক্কায় মারা গেছেন।”

সিদ্দিকুরের গ্রামের বাড়ি নাটোরের হরিষপুরে; উত্তরা আজমপুর বটতলায় পরিবার নিয়ে থাকতেন তিনি।