যৌন নিপীড়নের অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক কারাগারে
রাজধানীর মৌচাক ক্যাডেট কেয়ার কোচিং সেন্টারে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় কাজী জামাল উদ্দিন আহম্মেদ নামে এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম শফিক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে বিচারক এ আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
ফাইল ছবি
এর আগে শনিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার ওই শিক্ষককে কারাগারে পাঠানোর আবেদনে বলা হয়, এ শিক্ষক ভয়-ভীতি প্রদর্শন করে কোচিং সেন্টারে ছাত্রীদের শ্লীলতাহানি করে আসছিল। গ্রেপ্তারের পর আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যাদি যাচাই-বাছাই করা হচ্ছে।
এ কারণে জামিনের বিরোধীতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
মামলার বিবরণে জানা যায়, শনিবার বিকাল সাড়ে পাঁচটায় এক ব্যক্তি ঢাকার মৌচাক মার্কেট এলাকা থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন।
তার অভিযোগ, তার ১১ বছর বয়সী মেয়ে মৌচাক মার্কেটের কাছে ক্যাডেট কেয়ার কোচিং সেন্টার নামে ওই আবাসিক কোচিংয়ের শিক্ষার্থী। গত বছরের ডিসেম্বরে মেয়েকে তিনি সেখানে ভর্তি করান। কয়েকদিন আগে মেয়েটি বাসায় ফেরেন। এরপর আর সে কোচিং সেন্টারে যেতে চায় না। কোচিংয়ের কথা বললেই সে কান্নাকাটি করে। পরে মেয়েটি তার মাকে যৌন হয়রানির কথা জানান।
শিক্ষার্থীর মা অন্য কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেন। তারাও কোচিং সেন্টারটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির বিষয়ে অভিযোগ করেন। আরও কয়েকজন ছাত্রী তার নিপীড়নের শিকার হয়েছেন বলে তিনি জানতে পারেন।
এরপর তিনি আরও কয়েকজন অভিভাবকসহ শনিবার বিকালে মৌচাক কোচিং সেন্টারে অবস্থান করে ৯৯৯ নম্বরে ফোন করে আইনি সহায়তা চান। পরে রমনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা মামলা করেন।
