২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলি সাজাবাস: প্রকৃত আসামি সোহাগ রিমান্ডে

চুক্তিতে একজনের বদলে আরেকজনের সাজা খাটার মামলায় প্রকৃত আসামীকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 07:58 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপপরিদর্শক আবু সাইদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সোহাগ ওরফে বড় সোহাগকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম তরিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য জানান।

এ সময় বড় সোহাগের পক্ষে কোনো আইনজীবী এজলাসে উপস্থিত ছিলেন না।

প্রায় ১১ বছর আগে হত্যাসহ দুটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সোহাগকে (৩৪) গত শনিবার রাজধানীর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

সোহাগকে গ্রেপ্তারের পর গত রোববার র‌্যাব জানায়, তার পরিবর্তে তিন বছর ধরে সোহাগ সেজে কারাগারে রয়েছেন আরেকজন। কারাগারে যিনি রয়েছেন তিনি সোহাগেরই ফুপাত ভাই মো. হোসেন (৩৫)।

মাসিক ৫ হাজার টাকার বিনিময়ে ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে জেল খাটছেন তিনি।

আত্মসমর্পণের দুই-তিন মাসের মধ্যে নকল সোহাগকে কারাগার থেকে বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছিল আসল সোহাগ।

‘চুক্তিতে’ আসামি সেজে জেল খাটার ঘটনায় মামলার নির্দেশ  

ঘটনার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৬ নভেম্বর রাজধানীর কদমতলী এলাকায় হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

ওই ঘটনায় ওই বছর গ্রেপ্তার সোহাগ ২০১৪ সালে জামিনে গিয়ে পলাতক হন। তিন বছর পর ছয় আসামির মধ্যে বড় সোহাগসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ৪।

ওই হত্যা মামলায় বড় সোহাগ ছাড়া মামুন (৩৩), ছোট সোহাগসহ (৩০) অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।

সম্প্রতি সোহাগকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের পেশকার মিজানুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একজনের বদলে আরেকজনের কারাবাসের ঘটনায় ওই দুইজন (প্রকৃত অভিযুক্ত ও তার বদলে কারাগারে যাওয়া ব্যক্তি) এবং দুই আইনজীবীসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলার আবেদন করেন।

বিচারক মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী আবেদনটি এজাহার হিসেবে গণ্য করতে কোতয়ালী থানার পরিদর্শককে (তদন্ত) নির্দেশ দেন।

এ মামলাতেই প্রকৃত আসামি বড় সোহাগকে জিজ্ঞাসাবাদে রিমান্ডের আদেশ দেয় আদালত।

চার আসামি হলেন- প্রকৃত সোহাগ ওরফে বড় সোহাগ, হোসেন (বড় সোহাগ নামে ভুয়া পরিচয়দানকারী), হত্যা মামলায় বড় সোহাগের জামিন আবেদনকারী ও ওকালতনামায় স্বাক্ষরকারী আইনজীবী শরীফ শাহরিয়ার সিরাজী এবং আরেক আইনজীবী মো. ইব্রাহীম হোসেন।

তাদের বিরুদ্ধে জাল কাগজ তৈরি, ভুয়া পরিচয়ে এক ব্যক্তিকে অন্য ব্যক্তি সাজানোর অভিযোগ আনা হয়।