উপকারভোগী তালিকা প্রণয়নে রাজনৈতিক চাপ: টিআইবি
মহামারীর সঙ্কট মোকাবেলায় বেসরকারি বিভিন্ন সংস্থার উপকারভোগীদের তালিকা প্রণয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালীদের চাপ রয়েছে বলে উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, মহামারীতে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তার মধ্যে উপকারভোগী নির্বাচন ও তাদের কাছে সাহায্য পৌঁছানো অন্যতম।
“বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালীরা তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। কিছু কিছু জায়গায় সাহায্য প্রাপ্তির জন্য উপযোগী না হওয়া সত্ত্বেও প্রভাবশালীরা তাদের পরিচিত লোকজন ও আত্মীয়-স্বজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে এবং ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাদের পছন্দ অনুযায়ী তালিকা প্রণয়ন করার জন্য চাপ প্রয়োগ করে।”
উপকারভোগীদের তালিকা প্রণয়নে কোন কোন জায়গায় একজন ব্যক্তির নাম একাধিকবার লিপিবদ্ধ করা হলেও সাহায্যের উপযোগী হওয়া সত্ত্বেও কারও কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
টিআইবির গবেষণায় বলা হয়েছে, অংশগ্রহণকারী ৫৪ শতাংশ সংস্থা ত্রাণের তালিকায় উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এছাড়া ১৮ দশমিক ৪ শতাংশ সংস্থা বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রতিবন্ধকতা এবং স্থানীয় ক্ষমতাশালীদের প্রভাবের শিকার হয়েছে।
গবেষণায় অন্তর্ভুক্ত ২টি প্রতিষ্ঠান জেলা প্রশাসন কর্তৃক উপকারভোগীর তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ করে। প্রায় ২৫ শতাংশ প্রতিষ্ঠান কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের অসহযোগিতার কথাও উল্লেখ করেছে।
গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “গবেষণায় আমরা দেখেছি, তহবিল সঙ্কটসহ বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও করোনা সঙ্কট মোকাবেলায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুদ্ধাচার বজায় রেখে মানুষের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে পেরেছে। কিছু কিছু অনিয়মের অভিযোগ থাকলেও সার্বিকভাবে অবৈধ আর্থিক লেনদেনের উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে করোনাকালে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহায়তা কার্যক্রমের ক্ষেত্রে তহবিল সঙ্কট ছিল মূল চ্যালেঞ্জ।”
২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বরে গবেষণাটি চালানো হয়।সারাদেশের ৪৪টি জেলায় কার্যক্রম পরিচালনকারী ৭৪টি আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় সংস্থাগুলো দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত হয়ে জরিপে অংশ নেয়।
পাশাপাশি টিআইবি পরিচালিত জাতীয় খানা জরিপ ২০১৭ অনুযায়ী বেসরকারি সংস্থা হতে সেবাগ্রহণকারীদের থেকে বাছাইকৃত ৫৮৯ জন উপকারভোগীর সাক্ষাৎকার নেওয়া হয়।
