বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কেবল দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসকে ধারণা করবে না, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘর’ এর উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে এই আশার কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “এই জাদুঘরটা শুধু প্রদর্শনীর জন্যই না, এটা আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাদের ভেতরে যেমন একটা আকর্ষণ হবে, আবার (তারা) দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশপ্রেম জাগ্রত হয়ে তারা আমাদের সশস্ত্র বাহিনীতে, আমাদের স্বার্ধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, যোগদান করতে আগ্রহী হবে, এগিয়ে আসবে।”
শেখ হাসিনা বলেন, “আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।”
মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সাথে সাথে দেশের ভবিষ্যত কী হতে যাচ্ছে- সে সম্পর্কে জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সামরিক বাহিনী সেনা, নৌ, বিমান বাহিনী কি কাজ করে, কীভাবে চলে বা অতীতে তারা কি করেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে মানুষকে জানানো একান্তভাবে দরকার।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্র নীতি মেনে আওয়ামী লীগ সরকার কাজ করছে জানিয়ে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন সরকার প্রধান।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘরকে ‘বিশ্বের শ্রেষ্ঠ জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “যতটুকু আমি দেখলাম, আমি মনে করি, এটা হবে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সুন্দর, আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি সামরিক জাদুঘর। কাজেই সেভাবেই এটা তৈরি হোক, সেটাই আমি চাই।
“এখানে আমাদের নৌ বাহিনীর জন্য আলাদা জায়গা আছে, সেনাবাহিনীর জন্য জায়গা আছে এবং বিমান বাহিনী- সকলের আলাদা আলাদা প্রদর্শনীর ব্যবস্থা আছে।”
শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের কথা অনুষ্ঠানে তুলে ধরার পাশপাশি স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নে জাতির পিতার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও প্রধানমন্ত্রী বলেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যার ঘটনার কথা মনে করিয়ে দিয়ে তার মেয়ে শেখ হাসিনা বলেন, “এই হত্যাকাণ্ডে আমরা আপনজন হারিয়েছি সত্য, কিন্তু বাংলাদেশ কী হারিয়েছিল? একের পর এক ক্যু হয়েছে, কত সামরিক অফিসার, সৈনিককে জীবন দিতে হয়েছে। অনেক পরিবার খোঁজও পায়নি আপনজনের। পাশপাশি রাজনৈতিক নেতাদের ওপর অত্যাচার নির্যাতন; যেই আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই আদর্শ থেকে বিচ্যুত হয়।
“সেই সময় বাংলাদেশের অগ্রযাত্রা থেমে যায় এবং দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ সরকারে এসে সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তোলা, তাদের প্রযুক্তি জ্ঞান দেওয়া এবং বিশ্ব দরবারে যেন তারা মাথা উঁচু করে চলতে পারে সেইভাবে আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়।”
শেখ হাসিনা বলেন, “পাঁচটি বছর আমরা ক্ষমতায় ছিলাম। অন্তত এইটুকু দাবি করতে পারি, বাংলাদেশের জন্য সেটা স্বর্ণযুগই ছিল। বাংলাদেশের মানুষের মাঝে একটা আশার প্রদীপ জ্বলে উঠেছিল যে তারাও জীবনে সুন্দরভাবে বাঁচতে পারে। আর সরকার যে জনগণের সেবক, সেটা আমরা প্রমাণ করেছিলাম।”
দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘ সময় সরকারে থাকার ফলে আজকে বাংলাদেশকে আমরা শুধু উন্নয়ন করা না, বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি; যেটা ২০০৮ এর নির্বাচনের ইশতেহারে আমাদের ঘোষণা ছিল।”
বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মোস্তফা কামাল বক্তৃতা দেন।
