২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযান-১০: মেয়ে আর গর্ভের সন্তানের পর ছেলেকেও হারালেন জেসমিন

মেয়ে আর গর্ভের সন্তানকে হারিয়েছিলেন আগেই, ঝালকাঠিতে লঞ্চের আগুনে পোড়া শরীর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেসমিন আক্তার এবার বড় ছেলে তামিম হাসানকেও হারালেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 10:00 PM

Updated : 02 Aug 2022, 02:26 PM

শরীরের ৩০ শতাংশ পুড়ে যাওয়া আট বছরের তামিমকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয় বলে ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেনে জানান।

দশ দিন আগের ওই অগ্নিকাণ্ডের সময় জেসমিন ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা। দুর্ঘটনার পর তার গর্ভের সন্তানের মৃত্যু হয়। দগ্ধ অবস্থায় ঢাকায় আনার পথে মারা যায় তার পাঁচ বছর বয়সী মেয়ে মাহিনুর।

নানি মারা যাওয়ায় বরগুনা থেকে স্বামী আবদুল খলিল আর দুই শিশু সন্তান নিয়ে ঢাকার কেরানীগঞ্জে এসেছিলেন জেসমিন। ব্যবসার কাজে খলিল আগেই ফিরে গিয়েছিলেন। জেসমিন তার দুই সন্তানকে নিয়ে বরগুনায় ফেরার জন্য ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে উঠেছিলেন এমভি-১০ লঞ্চে।

রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় ভয়াবহ আগুনে পুড়ে যায় সেই লঞ্চ। অনেকে নদীতে লাফিয়ে প্রাণ বাঁচাতে পারলেও কেবিনে থাকা অধিকাংশ যাত্রী জীবন্ত দগ্ধ হন।

ওই ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে; দদ্ধ বা আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে ১৩ জন এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন বলে ডা. আইয়ুব হোসেন জানান।

ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার পরও অনেক দূর চালিয়ে নেওয়া হয়েছিল লঞ্চটি। সঙ্গে সঙ্গে পাড়ে ভেড়ানো হলে হয়ত এত প্রাণহানি হত না।

ওই ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। লঞ্চের মালিক হামজালাল শেখকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মাস্টার ইনচার্জ রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার খলিলুর রহমান, চালক মাসুম বিল্লাহ ও আবুল কালামও আদালতে আত্মসমর্পণ করেছে।

পুরনো খবর:

সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন দগ্ধ জেসমিন