২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন দগ্ধ জেসমিন

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লাগার পর দুই সন্তানকে নিয়ে কোনো রকমে বেঁচে যান দগ্ধ জেসমিন। দুই সন্তানসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়; পথেই সাত বছরের মেয়ে মাহিনুরকে হারান তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 06:07 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

১০ বছরের ছেলে তামিম ও মৃত মেয়েকে নিয়ে মাওয়া লঞ্চঘাট থেকে শুক্রবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে আসেন জেসমিন। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তারা।

এই হাসপাতালের আবাসিক সার্জন আইউব হোসেন জানান, তামিমের শরীরের ৩০ শতাংশ ও জেসমিনের ১২ শতাংশ পুড়েছে। 

তার মামা মামুন জানান, অসুস্থ নানিকে দেখার জন্য এ মাসের শুরুর দিকে বরগুনা থেকে স্বামী আব্দুল খলিল ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যায় এসেছিলেন ২৮ বছর বয়সী জিয়াসমিন। ১০-১২ দিন আগে নানি মারা যান।

জেসমিনের স্বামী ব্যবসার কাজে আগেই বরগুনা চলে যান। আর জেসমিন বৃহস্পতিবার রাতে দুই সন্তানকে নিয়ে রওনা হন এমভি অভিযান-১০ লঞ্চে ।

Image
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ যাত্রীদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ যাত্রীদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামুন বলেন, “রাতে ওই লঞ্চে আগুন লেগে গেলে কোনোরকমে সন্তানদের নিয়ে বের হয় জেসমিন। কিন্তু ততোক্ষণে শরীরে অনেকটা পুড়ে যায়। মেয়ে মাহিনুরের পুরো শরীর ঝলসে যায়। ঢাকায় নিয়ে আসার পথে মাওয়া লঞ্চ ঘাটে মাহিনুর মারা যায়।”

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের চিকিৎসকরা জানান, জেসমিনের মুখ-হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে; তার ছেলে তামিমের হাত-পা-মুখ পুড়ে গেছে।

মামা মামুন বলেন, সন্তানের জন্য আহাজারি করছে জেসমিন, কোনো কিছু বলেই তাকে থামানো যাচ্ছে না। তারও শরীরের অনেকখানি পুড়ে গেছে। তার আরেকটা বাচ্চাও পোড়া ক্ষত নিয়ে কাতরাচ্ছে।

জেসমিন ছয় মাসের গর্ভবতী জানিয়ে মামুন বলেন, “এক আগুনে ছারখার হয়ে গেল পরিবারটা।”

অভিযান-১০ লঞ্চে দগ্ধ আরও এক পরিবারের চারজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তারা হলেন- বাচ্চু মিয়া (৫১), তার স্ত্রী শাহিনুর বেগম (৪৫), মেয়ে ইসরাত জাহান (২২) ও ছেলে সাদিকুর (১৬)।

শেষের জনের পোড়া কম হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। বাকিদের ভর্তি করা হয়েছে।

Image
ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ভেড়ানো আগুনে পুড়ে যাওয়া লঞ্চ অভিযান-১০। মাঝ রাতে লাগা আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে তিনতলা লঞ্চটি। ছবি: হাসিবুল ইসলাম হাসান

ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ভেড়ানো আগুনে পুড়ে যাওয়া লঞ্চ অভিযান-১০। মাঝ রাতে লাগা আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে তিনতলা লঞ্চটি। ছবি: হাসিবুল ইসলাম হাসান

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকার সদরঘাট থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চে যখন আগুন লাগে, তখন রাত ৩টার বেশি বাজে। অনেকে ছিলেন গভীর ঘুমে। চিৎকার চেঁচামেচিতে তাদের ঘুম ভাঙে; কী ঘটেছে বুঝে ওঠার আগেই কেউ দগ্ধ হয়েছেন, কেউ প্রাণ হারিয়েছেন।

ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা শুক্রবার ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে। দুপুর পর্যন্ত লঞ্চ আর নদী থেকে ৩৭ জনের লাশ উদ্ধার করার কথা জানিয়েছেন উদ্ধারকর্মীরা; হাসপাতালে কাতরাচ্ছেন অন্তত ৭২ জন।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা থেকে দক্ষিণ জনপদের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে ভিড় থাকে অন্য দিনের তুলনায় বেশি। সাপ্তাহিক ছুটির দুটি দিন পরিবারের সঙ্গে কাটাতে অনেকেই লঞ্চে চড়ে বসেন। তাদের অনেকেই বাড়ি ফিরছেন লাশ হয়ে।

বিআইডব্লিউটিএ বলছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে চারশর মত যাত্রী ছিল। তবে উদ্ধার পাওয়া যাত্রীরা বলছেন আটশ থেকে এক হাজার আরোহী থাকার কথা।

আরও পড়ুন:

পোড়া লঞ্চ থেকে বেঁচে ফেরাদের বর্ণনায় সুগন্ধা ট্র্যাজেডি

লঞ্চে আগুন: আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লঞ্চের আগুনে নিহতের পরিবার দেড় লাখ টাকা পাবে: নৌ প্রতিমন্ত্রী

সুগন্ধা নদীতে লঞ্চে আগুন, মৃত্যু বেড়ে ৩৭

জ্বলন্ত লঞ্চ থেকে লাফিয়ে বাঁচলেন পাথরঘাটার ইউএনও

অভিযান-১০: বিস্ফোরণের পর লঞ্চে ছড়িয়ে পড়ে আগুন