২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীকে ‘যৌন হয়রানি’: হলি ফ্যামিলির শিক্ষক কারাগারে

ছাত্রীকে যৌন হয়রানির মামলায় ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দীন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 09:33 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

সালাউদ্দীনের করা জামিনের আবেদন এবং পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে দুই আবেদনই নাকচ করে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ বৃহস্পতিবার এই আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক সালমান রহমান এদিন ডা. আবু সালেহ মো. সালাউদ্দীনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

অন্যদিকে সালাউদ্দীনের পক্ষে আইনজীবী মোহাম্মদ ইব্রাহিম খলিল রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এসময় জামিন আবেদনের বিরোধিতা করা হয়।

দুই মিনিটের মধ্যে উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা বেলাল উদ্দিন জানান।

যৌন হয়রানির অভিযোগে ২৮ ডিসেম্বর রমনা থানায় সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের ওই শিক্ষার্থী। তার আগে ২২ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছিলেন তিনি।

শিক্ষার্থীকে ‘যৌন হয়রানি’: হলি ফ্যামিলির শিক্ষক গ্রেপ্তার

হলি ফ্যামিলির শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছাত্রীর  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছিলেন, “স্যার আমাকে কলেজে প্রাইভেট পড়াবেন বলে দুই দফায় ২০ হাজার টাকা নিয়েও পড়াননি। পড়ার জন্য তিনি আমাকে বারবার তার বাসায় যেতে বলেন, যাতে আমি রাজি হইনি।”

এরপর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ওই শিক্ষক তাকে নানাভাবে ‘কুপ্রস্তাব’ দিয়ে বাসায় যেতে বলেছিলেন বলে ওই ছাত্রীর অভিযোগ।

“এতে রাজি না হওয়ায় দুটি প্রফ পরীক্ষায় তার কোর্সে পরপর দুইবার ফেল করিয়ে দেন। প্রথমে মান-সম্মানের ভয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ না করলেও পরে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।”

বুধবার সালাউদ্দীনকে গ্রেপ্তার করার পর র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “সালাউদ্দীন চৌধুরী স্বীকার করেছেন যে তিনি ওই ছাত্রীকে বিভিন্ন সময় অশালীন ও বিব্রতকর বার্তা দিয়েছেন। এসবের ডিজিটাল ফুটপ্রিন্টও পেয়েছে র‌্যাব।”

আর মেডিকেল কলেজের অধ্যক্ষ দৌলতুজ্জামান জানান, সালাউদ্দীন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি করেছেন তারা।