শিক্ষার্থীকে ‘যৌন হয়রানি’: হলি ফ্যামিলির শিক্ষক গ্রেপ্তার
যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রীর করা মামলায় ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সালাউদ্দীন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বলেন, বুধবার ঢাকা থেকে সালাউদ্দীনকে তারা গ্রেপ্তার করেন।
গত মঙ্গলবার রাজধানীর রমনা থানায় মামলাটি করার আগে ২২ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় জিডি করেছিলেন কলেজের শেষ বর্ষের ওই শিক্ষার্থী। যার বিরুদ্ধে অভিযোগ, সেই সালাউদ্দীন চৌধুরী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের শিক্ষক।
এরপর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ওই শিক্ষক তাকে নানাভাবে ‘কুপ্রস্তাব’ দিয়ে বাসায় যেতে বলেছিলেন বলে ওই ছাত্রীর অভিযোগ।
“এতে রাজি না হওয়ায় দুটি প্রফ পরীক্ষায় তার কোর্সে পরপর দুইবার ফেল করিয়ে দেন। প্রথমে মান-সম্মানের ভয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ না করলেও পরে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ দৌলতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহকারী অধ্যাপক সালাউদ্দীন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটিও হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সন্ধ্যায় কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে বলেন, “গ্রেপ্তার আবু সালেহ মো. সালাউদ্দীন চৌধুরী স্বীকার করেছেন যে তিনি ওই ছাত্রীকে বিভিন্ন সময় অশালীন ও বিব্রতকর বার্তা দিয়েছেন। এসবের ডিজিটাল ফুটপ্রিন্টও পেয়েছে র্যাব।”
