হলি ফ্যামিলির শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছাত্রীর
ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক ছাত্রী।
কলেজের শেষ বর্ষের ওই শিক্ষার্থী গত বুধবার ফার্মাকোলজি বিভাগের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে ‘খারাপ প্রস্তাব দেন’।
উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে ওই শিক্ষকের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি। রোববার রাতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
ওই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার আমাকে কলেজে প্রাইভেট পড়াবেন বলে দুই দফায় ২০ হাজার টাকা নিয়ে পড়াননি। পড়ার জন্য তিনি আমাকে বারবার তার বাসায় যেতে বলেন, যাতে আমি কখনই রাজি হইনি।”
এরপর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ওই শিক্ষক তাকে নানাভাবে ‘কুপ্রস্তাব’ দিয়ে বাসায় যেতে বলেছিলেন বলে ওই ছাত্রীর অভিযোগ।
“এতে রাজি না হওয়ায় দুটি প্রফ পরীক্ষায় তার কোর্সে পরপর দুইবার ফেল করিয়ে দেন। প্রথমে মান-সম্মানের ভয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ না করলেও পরবর্তীতে অভিযোগ দিলেও কর্তৃপক্ষ ব্যাপারটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।”
সেই কারণে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান এই তরুণী।
