২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে গাড়ির ধাক্কায় মৃত্যু, গ্রেপ্তার ১

ঢাকার ওয়ারীতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এক চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 11:35 AM

Updated : 02 Aug 2022, 06:44 PM

বৃহস্পতিবার রাতে মো. মোরশেদ আলম নামে ২৮ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক বার্তায় জানানো হয়।

সেখানে বলা হয়, ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয় খোরশেদকে।

বৃহস্পতিবার সকালে রাজধানী সুপার মার্কেটের পূর্ব দিকে টিকাটুলিতে স্বপন কুমার সরকার (৬০) নামে এক ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় মারা যান।

ঘটনার পর ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুল ইসলাম জানিয়েছিলেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।

ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) আবু কাওসার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর বৃহস্পতিবারই একটি মামলা করা হয়েছিল, তবে সেখানে কোনো আসমির নাম ছিল না।

র‌্যাবের হাতে গ্রেপ্তার মোরশেদ আলমকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুল বলেন, “সিসিটিভির ভিডিওতে একটি মায়লার গাড়ি দেখা গেছে। তবে ওই গাড়িই মৃত্যুর জন্য দায়ী কি না সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

“বিষয়টি আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকেও জানিয়েছি। তিনিও একই প্রশ্ন রেখেছেন।”

র‌্যাব যাকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন এই পুলিশ কর্মকর্তা।