পাপিয়া দম্পতির বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালতে মামলার বাদী দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ সাক্ষ্য দেন।
বাদীর সাক্ষ্য নেওয়ার পর বিচারক আগামী ১৬ জানুয়ারী সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ঠিক করেছেন বলে আসামিপক্ষের আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভূঁইয়া জানিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের এই মামলায় মোট সাক্ষী ১৯ জন।
গত ৩০ নভেম্বর এই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।তার আগে গত ৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র আদালত গ্রহণ করে।
নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমনকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
পরে ঢাকা ও নরসিংদীতে পাপিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সম্পদের খোঁজ পাওয়ার কথা জানায় র্যাব।
অভিযানে তাদের বাসা থেকে নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং মফিজুর রহমান সুমনের নামে হোন্ডা সিভিএ ২০১২ মডেলের একটি গাড়ি জব্দ করা হয়, যার দাম ২২ লাখ টাকা।
সে সময় র্যাবের তরফ থেকে বলা হয়, পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেল ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটি টাকার ওপরে।
সব মিলিয়ে তাদের নামে ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে উল্লেখ করে দুদকের মামলায় বলা হয়, এসব অর্থ তারা অপরাধজনক কর্মকাণ্ডের মাধ্যমে আয় করেছেন।
গত বছরের ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগপত্র তিনিই দেন।
গ্রেপ্তার হওয়ার পর পাপিয়াকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়।
পাপিয়ার বিরুদ্ধে এ নিয়ে ছয়টি মামলার বিচার চলছে।
