২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-কোবিন্দ বৈঠকে যোগাযোগে জোর

প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 09:45 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগের পথগুলো আবারও চালুর উপর জোর দেন শেখ হাসিনা।

আর দুই দেশের মধ্যে যোগাযোগ শক্তিশালী করতে দৃষ্টি দেওয়ার কথা জানিয়েছেন কোবিন্দ।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তির সময়ে তারা দু’জনই উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পরস্পরকে ধন্যবাদ দেন।

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের আয়োজনে যোগ দিতে তিন দিনের সফরে বুধবার ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি।

বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তাদের আলোচনায় এসব বিষয়ে উঠে আসে।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ভারতকে অত্যন্ত ভালো বন্ধু হিসেবে বিবেচনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি কোভিড মহামারীকালে বিভিন্ন বাধার পরও উভয় দেশের মধ্যেকার সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি যুগপৎ উদযাপনের বছর ২০২১ সালকে প্রধানমন্ত্রী মাইলফলক বছর হিসেবে উল্লেখ করেন।

এ মাইলফলক বছরে গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে অত্যন্ত সফল ও ঐতিহাসিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোভিড মহামারীর মধ্যেও শীর্ষ নেতাদের সফর বিনিময় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্কের প্রমাণ।

বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মনোভাবের কথা তুলে ধরে তিনি বলেন, তার সরকার ‘ধর্ম যার যার উৎসব সবার’ নীতিতে বিশ্বাস করে এবং দেশের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম ও উৎসব উদযাপন করতে পারেন। এখানে কোনো ধরনের বাধা নেই।

Image
সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে বুধবার সোনারগাঁও হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে বুধবার সোনারগাঁও হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

আলোচনায় বাংলাদেশকে ভারতের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে ঢাকা সফররত কোবিন্দ বলেছেন, দুই দেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক বিস্তৃত ও গতিশীল।

 “আমরা দুই দেশের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগের উপর দৃষ্টি দিচ্ছি।“

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তির সময়ে বাংলাদেশ সফরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানিয়েছেন রাম নাথ কোবিন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শ, বহুত্ববাদ ও গণতন্ত্রের যে দর্শন ধারণ করে তার সঙ্গে ভারতের সামঞ্জস্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভারত থেকে কোভিড টিকা গ্রহণকারী প্রথম দেশ বাংলাদেশ উল্লেখ করে কোভিড ১৯ মহামারী সম্পর্কে কোবিন্দ বলেন, এটা এমন এক অদৃশ্য শক্তি যা এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে।

করোনাভাইরাস মহামারীর সময়ে বাংলাদেশ ওষুধ পাঠিয়ে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতকে সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রশংসাও করেন কোবিন্দ।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার সম্মানে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সফররত ভারতের রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে বুধবার সকালে ভারতের রাষ্ট্রপতি ঢাকায় এলে শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে ভারতীয় রাষ্ট্রপতিকে গালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

বৃহস্পতিবার বিজয় দিবসে বাংলাদেশের উদযাপনে সঙ্গী হবেন কোবিন্দ। সফর শেষে শুক্রবার তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আরও পড়ুন:

বাংলাদেশে কেউ ‘সংখ্যালঘু নয়’, কোবিন্দকে জানালেন হাসিনা  

বাণিজ্য বাড়াতে উদ্যোগ চান ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপতি  

শেখ হাসিনার জন্য কোবিন্দ এনেছেন রাষ্ট্রপতি ভবনের মিষ্টি কেক বিস্কুট