২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬-১৭ ডিসেম্বর ঢাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ যেখানে যেখানে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালাকে কেন্দ্র করে ১৬ ও ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় যান চলাচল হবে নিয়ন্ত্রিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 10:07 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ার এবং সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠান হবে। ১৭ ডিসেম্বরও অনুষ্ঠান থাকবে সংসদ ভবন প্রাঙ্গণে।

এর আগে ১৫ ডিসেম্বর বুধবার ভারতের রাষ্ট্রপতির যাতায়াতের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন সড়কে সাধারণের গাড়ি চলাচলে বাধা থাকবে। সেকারণে বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে কেন্দ্রে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান হবে। সেজন্য প্যারেড স্কয়ারের আশপাশের সড়কে গাড়ি চলাচল হবে নিয়ন্ত্রিত।

গাড়ির জন্য প্যারেড স্কয়ারের অনুষ্ঠানকেন্দ্রিক ২১টি ‘ডাইভারশন পয়েন্ট’ করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ, অর্থাৎ যে স্থানগুলোতে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।

এগুলো হচ্ছে- সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভ রোড ক্রসিং পূর্ব প্রান্ত, মহাখালী ক্রসিং ফ্লাইওভার উত্তর, মহাখালী ক্রসিং রেলগেট, প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, আগারগাঁও উচ্চ বিদ্যালয়, মিরপুর ১০ নম্বর, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট অফিস গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফুট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ এবং গণভবন ক্রসিং।

সকাল ৭টা থেকে দুপুর ১টা অবধি এই ডাইভারশন থাকবে বলে ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে।

বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানের জন্য করা হয়েছে ১২টি ‘ডাইভারশন পয়েন্ট’।

এগুলো হচ্ছে- ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, মানিক মিয়া এভিনিউ পূর্ব প্রান্ত, মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত, ধানমণ্ডি ২৭ পূর্ব  প্রান্ত, আড়ং ক্রসিং, আসাদ গেট, গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ এবং সোহরোওয়ার্দী হাসপাতাল গ্যাপ।

দুপুর ১টা থেকে রাত ১১টা অবধি এই ডাইভারশন থাকবে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (তেজগাঁও) কাজী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত ১৬ ও ১৭ ডিসেম্বর এই ডাইভারশন থাকবে। পুরো রোকেয়া সরণি এবং জাহাঙ্গীর গেইট থেকে সোনারগাঁও পর্যন্ত ১৬ ডিসেম্বর বিভিন্ন সময়ে বন্ধ থাকবে।”

“মূলত মূল ভেনুকেন্দ্রিক সকল যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে জরুরি ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। কারও বাসা থাকলে সে ক্ষেত্রে যাওয়ার সুযোগ পাবেন,” বলেন তিনি।

ডাইভারশন কেন হবে- তার ব্যাখ্যায় ডিএমপির সহকারী কমিশনার (মোহাম্মদপুর) আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাবতলীর দিক থেকে থেকে ছেড়ে আসা স্টিকারবিহীন কোনো গাড়ির শ্যামলী শিশু মেলা থেকে রাসেল স্কয়ারের আগে পর্যন্ত পূর্ব দিকে যাওয়া বন্ধ থাকবে।

“এসব গাড়ি মিরপুর রোড ব্যবহার করতে পারবে। একইভাবে সায়েন্স ল্যাবরেটরি থেকে ছেড়ে আসা গাড়ি সোজা গাবতলীর দিকে যেতে পারবে। রাসেল স্কোয়ারে এসে ডানে বা পূর্ব দিকে পান্থপথ ব্যবহার করতে পারবে, এরপর আর পারবে না।”

মিরপুর সড়ক বন্ধ হবে না। তবে প্যারেড স্কয়ার বা সংসদ ভবনকেন্দ্রিক আয়োজনে স্টিকারবিহীন কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হবে না বলে পুলিশ কর্মকর্তারা জানান।

ট্রাফিক বিভাগের তেজগাঁও বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, “মূলত সময়ের উপর নির্ভর করবে ডাইভারশনের সিদ্ধান্ত। ১৬ ডিসেম্বর জাহাঙ্গীর গেটে থেকে সোনারগাঁও পর্যন্ত সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পুরো বন্ধ থাকবে। দুই ঘণ্টার জন্য খুলে দিয়ে আবার বন্ধ থাকবে। সুযোগ পেলে আবার ছেড়ে দেওয়া হবে।”

১৭ ডিসেম্বর শুধু মানিক মিয়া এভিনিউ এলাকায়ই কড়াকড়ি থাকবে বলে জানান তিনি।

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের ‘সময় নিয়ে বের হওয়ার’ পরামর্শ  

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম এসব অনুষ্ঠান সফলভাবে করার জন্য নগরবাসীর সহযোগিতা চেয়েছেন।

“যারা অন্য কাজে বের হবেন তারা যেন ডাইভারশনের বিষয়টি জেনে বের হন,” বলেন তিনি।

এছাড়াও যে সব এলাকা দিয়ে ভিভিআইপি এবং ভিআইপিরা যাতায়াত করবেন, সে সব জায়গায় নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Image
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তার এই ছবি। ছবি: আসিফ মাহমুদ অভি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তার এই ছবি। ছবি: আসিফ মাহমুদ অভি

ভিভিআইপি হিসেবে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বুধবার সকালে ঢাকায় নামবেন। শাহজালাল বিমানবন্দর থেকে তিনি যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে, সেখান থেকে ফিরে তিনি ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরে যাবেন। এরপর তিনি কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে উঠবেন।

দুপুর পর্যন্ত তার যাতায়াতের পথে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হবে। আবার সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে যাবেন বলে তার যাতায়াতের সময়ও গুলিস্তান থেকে কুর্মিটোলা পর্যন্ত যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত হবে।

বিকালে গণভবন থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন সোনারগাঁও হোটেলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। তারপর সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি যাবেন বঙ্গভবনে। ফলে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের চলাচলের পথে যান চলাচল হবে নিয়ন্ত্রিত।

ভারতের রাষ্ট্রপতি বৃহস্পতিবার বিজয় দিবসে সকাল ও বিকাল দুই সময়েই কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেল থেকে বেরিয়ে যাবেন প্যারেড স্কয়ার ও সংসদ ভবন প্রাঙ্গণে।

শুক্রবার সকালে ভারতের রাষ্ট্রপতি রমনা কালী মন্দির পরিদর্শনে যাবেন। সেখান থেকে ফেরার পর দুপুরে তিনি যাবেন শাহজালাল বিমানবন্দরে। ফলে তখনও তার চলাচলের পথে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত হবে।

সব মিলিয়ে বুধ, বৃহস্পতিবার ও শুক্র এই তিন দিন ঢাকার পথে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হবে।