২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছবির স্বত্ব ব্যক্তির নয়, রাষ্ট্রের: হাই কোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবির স্বত্ব কোনো ব্যক্তি দাবি করতে পারবে না, বাংলাদেশ রাষ্ট্রই এসব ছবির মালিক বলে সিদ্ধান্ত দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 03:50 PM

Updated : 08 Apr 2022, 12:00 AM

আদালত বলেছে, কেউ কোনো প্রকাশনায় বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবি ব্যবহার করতে চাইলে সূত্র উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে।    

বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত দুটি বইয়ের স্বত্ব নিয়ে এক রিট মামলার নিষ্পত্তি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়।

রায়ে বলা হয়, জাতির পিতাকে নিয়ে প্রকাশিত ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ এবং বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে ‘৩০৫৩ দিন’ বইয়ের মেধাস্বত্ব যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক নাজমুল হোসেনের জার্নি মাল্টিমিডিয়ার হলেও বইয়ে ব্যবহৃত চিত্রকর্ম ও ছবির স্বত্ব প্রকাশনী বা তার নয়।

যদি বই দুটির প্রকাশিত সংস্করণে চিত্রকর্ম বা ছবির সূত্র উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করা না থাকে, তাহলে সূত্র উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করে একটি পৃষ্ঠা যুক্ত করতে বলেছে আদালত।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী অনিক আর হক। আর সাংবাদিক নাজমুল হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

অনিক আর হক পরে সাবাদিকদের বলেন, “বঙ্গবন্ধুর ছবিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বত্ব থাকবে না। বঙ্গবন্ধুর ছবির স্বত্ব থাকবে জনগণের কাছে, রাষ্ট্রের কাছে। এখানে কেউ নিজের কপিরাইট দাবি করতে পারবে না।

“এরইমধ্যে প্রকাশিত যেসব বইয়ে এ ধরনের ছবি ব্যবহার করা হয়েছে, সেগুলো আবার সংগ্রহ করে প্রত্যেকটিতে লিখে দিতে হবে যে বইগুলোতে ব্যবহার করা ছবির স্বত্ব প্রকাশকের নয়।”

জার্নি মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “‘৩০৫৩ দিন’- বইটির সম্পাদক আমি। আর ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির সম্পাদক অমিতাভ দেউরী। দুটি বইয়েরই ৬৫ হাজার ৭০০ করে কপি ছাপানো হয়েছে। প্রকাশিত সংস্করণে ছবি ও চিত্রকর্মের সূত্র উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করাই আছে।”

৬৫ হাজার ৭০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু কর্নারে’ দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নিয়ে ৩৯টি বই কেনার অনুমতি দেওয়া হয়েছিল ২০১৯ সালে। সেজন্য বরাদ্দ দেওয়া হয় ১৩০ কোটি টাকা। এর মধ্যে ২৭ কোটি টাকায় আটটি বই কেনা হয়।

যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক নাজমুল হোসেনের জার্নি মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ ও বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে ‘৩০৫৩ দিন’ নামে দুটি বই ১৭ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৫০০ টাকায় এবং তার স্ত্রী শারমীনের স্বাধীকা পাবলিশার্স থেকে ‘অমর শেখ রাসেল’ নামে একটি বই ৩ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ৯০০ টাকায় কেনা হয়।

সে সময় অভিযোগ ওঠে, ‘অমর শেখ রাসেল’ বইটি প্রকাশে লেখকের অনুমতি নেওয়া হয়নি। আর বাকি দুটি বইয়ে স্বত্ব ব্যবহারের যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করা হয়নি।

এর মধ্যে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটি প্রথম প্রকাশ করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ‘৩০৫৩ দিন’ প্রকাশ করেছিল কারা অধিদপ্তর।

‘অমর শেখ রাসেল’ বইটি স্বাধীকা পাবলিশার্স প্রথম প্রকাশ করলেও এর সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নাসরীন আহমেদকে না জানিয়েই তা প্রকাশ এবং বঙ্গবন্ধু কর্নারে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে গত বছর ৩১ অগাস্ট স্বাধীন অথবা বিচারিক অনুসন্ধানের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাই কোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

আবেদনে তিনি ‘অমর শেখ রাসেল’ বইটির প্রকাশনায় অনিয়মের তদন্ত চাননি। আদালতও তদন্তের মধ্যে বইটিকে রাখেনি। কিন্তু রিটে বইটির প্রকাশক শারমীনকে বিবাদী করা হয়।

সে রিটের প্রাথমিক শুনানির পর গত বছর ২ সেপ্টেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়।

আদেশে আদালত দুটি বইয়ের স্বত্ব জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়।

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের নেতৃত্বে তিন সদস্যের ওই তদন্ত কমিটিতে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হককে রাখা হয়।

ওই আদেশের পাশাপাশি বই দুটির মেধাস্বত্ব সংরক্ষণে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণ করা হবে না,জানতে চেয়ে রুল দেয়।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ‘জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড’ ও ‘স্বাধীকা পাবলিশার্স’ এবং সাংবাদিক নাজমুল হোসেনের স্ত্রী শারমীন সুলতানাকে রুলের জবাব দিতে বলা হয়।

এর মধ্যে গত বছর ২০ অক্টোবর তদন্ত কমিটি আদালতে প্রতিবেদন দেয়। সেখানে বলা হয়, ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ এবং ‘৩০৫৩ দিন’ বই দুটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের সাথে সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। বই দুটির প্রথম প্রকাশক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জেল। পরে প্রকাশক পরিবর্তন করা হয়েছে। তাই এ দুটো বইয়ের গ্রন্থস্বত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জেল এর থাকাই বাঞ্ছনীয় বলে কমিটি মনে করে।

ওই প্রতিবেদনেই বলা হয়, ‘৩০৫৩ দিন’ বইয়ের স্বত্ব পেতে গত বছর ২৯ জানুয়ারি কারা অধিদপ্তর কপিরাইট অফিসে আবেদন করে। তখন পর্যন্ত আবেদনটি বিচারাধীন ছিল।

এদিকে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির স্বত্ব পেতেও কপিরাইট অফিসে আবেদন করেন বইটির সম্পাদক অমিতাভ দেউরী। তার আবেদনটি গত বছর ৭ অক্টোবর খারিজ করে দেয় কপিরাইট অফিস।

নাজমুল হোসেনের আইনজীবী শাহ মনজুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কপিরাইট অফিস কারা অধিদপ্তর ও অমিতাভ দেউরীর আবেদন দুটি খারিজ করেছিল। হাই কোর্ট রায়ে কপিরাইট অফিসের সিদ্ধান্তই বহাল রেখেছেন। ফলে ফলে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই দুটি শিশুদের কাছে পাঠাতে কোনো জটিলতা থাকছে না।”

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত বই দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে দিতে হাই কোর্ট নির্দেশ দিয়েছে বলে জানান এই আইনজীবী।