বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ‘কল্পনাপ্রসূত’: আইনমন্ত্রী
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ‘বিচারবহির্ভূত হত্যায়’ সম্পৃক্ততার অভিযোগ ‘কল্পনাপ্রসূত’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি সঠিক নয়।”
গত শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যায়’ সম্পৃক্ততার অভিযোগে বর্তমান পুলিশপ্রধান বেনজীর আহমদসহ র্যাবের সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।
এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে শনিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পরে দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘খুবই দুঃখজনক।’ তবে এই ঘটনা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেন।
রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানের পর আইনমন্ত্রী আনিসুল হকও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন।
তিনি বলেন, “যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের একটা কর্তব্য থাকে। সেটা হচ্ছে নিউ প্রসেস এবং যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, সে পক্ষকে শোনা।
“আমার কাছে যতটুকু তথ্য আছে, যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের কথা শোনা হয়েছে বলে আমার মনে হয় না। আমি এটাও বলতে চাই, যেসব দোষে র্যাব ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দোষী করা হয়েছে, তা কিন্তু ঠিক নয় এবং কল্পনাপ্রসূত।”
২০১৮ সালে মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক। র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে ওই ঘটনার কথাও বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
আর ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং তাতে সহযোগিতার’ কারণ দেখিয়ে র্যাব, এর সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স তোফায়েল মুস্তাফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স মোহাম্মদ আনোয়ার লতিফ খানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, “বেসরকারি সংস্থাগুলো অভিযোগ করেছে, র্যাব ও বাংলাদেশের অন্য আইন প্রয়োগকারী সংস্থা ২০০৯ সাল থেকে ছয় শতাধিক গুম এবং ২০১৮ সাল থেকে প্রায় ছয়শ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য দায়ী।”
