সাংবাদিকপুত্র গ্রেপ্তারে ডিআরইউর উদ্বেগ
দেড় বছর আগে মাদারীপুরের রাজৈর থানার একটি মামলায় সাংবাদিক তোফাজ্জল হোসেনের ছেলে আহসান হাবীব নাহিদকে ঢাকা থেকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
এজাহারভুক্ত আসামি না হওয়ায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত তার মুক্তির পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সংঠনটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
ডিআরইর সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক খোলা কাগজের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেনের উদ্ধৃতি দিয়ে শনিবার তাদের পাঠানো বিবৃতিতে বলা হয়, নাহিদ ২৯ নভেম্বর সকালে অফিসের উদ্দেশ্যে মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়ে রাত পর্যন্ত বাসায় ফিরে আসেনি। প্রায় সারদিনই তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ ছিল।
বিবৃতিতে বলা হয়, “দেড় বছর আগে করা যে মামলায় নাহিদকে গ্রেপ্তার দেখান হয়েছে সেই মমলায় নাহিদ এজাহারভুক্ত আসামি নন।”
তার বাবা সাংবাদিক তোফাজ্জাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “নাহিদ এখনও মুক্তি পাননি। ঢাকায় তাকে গ্রেপ্তার করা হলেও গ্রেপ্তারের দিন পরিবারের কাছে গোপন রেখে মাদারীপুরে নিয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক।”
