২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণী সংরক্ষণে সহায়ক হবে বঙ্গবন্ধু করিডোর: মন্ত্রী

ভারত ও মিয়ানমারের সাথে যৌথভাবে বন্যপ্রাণী করিডোর তৈরির প্রকল্প বাস্তবায়িত হলে তা হাতি, বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 12:04 AM

Updated : 02 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কর্মশালায় এ বিষেয়ে কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “ভারত হতে পার্বত্য চট্টগ্রামের কাসালং, সাঙ্গু হয়ে মিয়ানমার পর্যন্ত এশীয় হাতি ও বেঙ্গল টাইগারের নির্বিঘ্ন চলাচলের জন্য আন্তঃদেশীয় পথ বা করিডোর তৈরির সম্ভাব্যতা নিরূপণ করা হচ্ছে। এটা করা সম্ভব হলে এই তিন দেশের হাতি ও বাঘের খণ্ডিত আবাসস্থলগুলোর ভিতর সংযোগ স্থাপিত হবে।”

বন অধিদপ্তর আয়োজনে ‘ফিজিবিলিটি স্টাডি অব ট্রান্সবাউন্ডারি ওয়াইল্ডলাইফ করিডোর ইন চট্টগ্রাম, চিটাগাং হিলট্রাক্টস অ্যান্ড কক্সবাজার উইথ মিয়ানমার অ্যান্ড ইন্ডিয়া’ শীর্ষক সমীক্ষা প্রকল্পের ফলাফল পর্যালোচনার জন্য এ কর্মশালা হয়।

হাতি ও বাঘ সংরক্ষণে ২০১৯ সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ‘বঙ্গবন্ধু কনজারভেশন করিডোর’ নামে একটি অভয়ারণ্য তৈরির প্রস্তাব করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। এশীয় হাতির চলাচলের জন্য দেশের সীমানায় তিনটি সংযোগ পথ তৈরির কথা বলা হয় ওই প্রস্তাবে।

বন্যপ্রাণীর করিডোর: পরামর্শক নিয়োগ নিয়ে প্রশ্ন  

বন আর চলার পথ ফিরে পাবে হাতি?  

বন অধিদপ্তরকে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়। সেই কাজের জন্য ‘ফিজিবিলিটি স্ট্যাডি অব ট্রান্সবাউন্ডারি ওয়াইল্ডলাইফ ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস অ্যান্ড কক্সবাজার উইথ মিয়ানমার অ্যান্ড ইন্ডিয়া’ শীর্ষক এই প্রকল্প শুরু হয় গত বছরের জুলাই মাসে।

পরিবেশমন্ত্রী বলেন, বনভূমির অভ্যন্তরে বসতি স্থাপন, বনভূমিকে কৃষিজমিতে রূপান্তর ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রতিনিয়ত বাংলাদেশের বনভূমি সঙ্কুচিত হচ্ছে। একই সঙ্গে বন্যপ্রাণী হারাচ্ছে তাদের আবাসস্থল ও চারণভূমি। এতে মানুষ ও বন্যপ্রাণীর দ্বন্দ্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, মানুষ ও বন্যপ্রাণী উভয়ই প্রাণ হারাচ্ছে।”

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) ২০১৬ সালের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে এশীয় হাতির সংখ্যা ছিল ২৬৮টি। আর ২০১৮  সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে বেঙ্গল টাইগারের সংখ্যা ১১৪টি।

মন্ত্রী বলেন, “দ্রুত সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই এই গুরুত্বপূর্ণ প্রাণীগুলো বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। এ বিষয়ে আশু পদক্ষেপ নিতেই আন্তঃদেশীয় ও দেশের অভ্যন্তরীণ চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার কার্যক্রম নেওয়া হয়। দেশে এখন পর্যন্ত টিকে থাকা বন্যপ্রাণীদের রক্ষার অঙ্গীকার ও সমন্বিতভাবে কাজ করতে হবে।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এ কর্মশালায় উপ-মন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বক্তব্য রাখেন।

প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রকিবুল আমীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন করিডোর প্রজেক্টের ন্যাশনাল এক্সপার্ট এম মনিরুল এইচ খান।