২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় হরতাল শুরু

সরকারের পঞ্চম বছরের প্রথম দিনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের দিনব্যাপী হরতাল শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2013, 03:37 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

সরকারের পঞ্চম বছরের প্রথম দিনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের দিনব্যাপী হরতাল শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে রোববার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ ও র্যা ব সদস্যরা। তবে এর মধ্যেও হরতালের প্রথম ঘণ্টায় মিরপুরে একটি বাসে আগুন দেয়া হয়েছে। তেজগাঁও ও পান্থপথে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে হরতালকারীরা।

এছাড়া বিভিন্ন স্থানে অলিগলিতে হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিলের খবর পাওয়া গেছে। ফার্মগেইট এলাকা থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।

হরতালের আগে শনিবার সন্ধ্যায়ও রাজধানীর বিভিন্নস্থানে অন্তত ছয়টি বাসে অগ্নিসংযোগ করা হয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

সকালে রাজধানীতে বাস কম চললেও প্রচুর রিকশা ও অটোরিকশা চলতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও।

গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে মিরপুরে প্রশিকা ভবনের সামনে একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় একই সময়ে তেজগাঁও কলেজের সামনে ছাত্রদলের কর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে তাদের সংঘর্ হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. রমজান আলী জানান।

তিনি বলেন, ঘটনার পর পুলিশ দুই জনকে আটক করেছে।

পান্থপথ এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়।গুলশান লিংক রোডে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বলে বাড্ডার ওসি মাহাবুবুর রহমান জানান।

সকালে বাসাবোর কদমতলা এলাকাতেও ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে হরতালকারীরা। এ সময় চটের বস্তায় আগুন দিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থলে কোনো পুলিশ ছিল না।

হরতালের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বহিরাগত এক যুবককে আটক করে শাহবাগ পুলিশের হাতে সোপর্দ করে শিক্ষার্থীরা।

অন্যান্য হরতালের মতো এদিনও নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে বাইরে করা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে সেখানে সকালে হরতালকারীদের কোনো তৎপরতা দেখা যায়নি।

পুলিশের ঘেরাওয়ের মধ্যে বিএনপি কার্যালয়ের ফটকে কলাপসিবল গেইটের ভেতরে বসে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবদিকদের বলেন, “এই হরতাল জনগণের স্বার্থে। আমি সারা দেশের যে খবর পেয়েছি, সব জায়গায় মানুষ এই হরতালে সমর্থন দিয়েছে।”

গত বৃহস্পতিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম হরতালের ঘোষণা দেন।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগেই বলেছিল, সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেই তারা হরতাল ডাকবে।

সরকার পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই তা কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হচ্ছে।