ফাঁদ এলএসডির জন্য, ধরা পড়ল নতুন মাদক ‘ডিওবি’: গ্রেপ্তার ৩
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এলএসডি নামের মাদক কেনার ফাঁদ পেতে দেশে ‘ডিওবি’ নামের এক নতুন মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ মাদকের চালান সম্প্রতি পোল্যান্ড থেকে কুরিয়ারের মাধ্যমে দেশে আনা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান জানান, দেশে প্রথম ধরা পড়া এ মাদক আনার চক্রের সঙ্গে জড়িত দুই জনকে সোমবার খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হচ্ছেন- আফিস আহমেদ শুভ (৩১) ও অর্ণব কুমার শর্মা (৩০)।
ডিওবি হিসেবে পরিচিত এ মাদকের নাম ‘ডাইমিথোক্সিবোমো এমফিটামিন’।
সংবাদ সম্মেলনে ফজলুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৯০টি ‘ডিওবি’ স্ট্রিপ ও বেশ কিছু এলএসডি উদ্ধার করা হয়। এগুলো তারা বিটকয়েনের মাধ্যমে মূল্য পরিশোধ করে বাংলাদেশে নিয়ে আসে।
তার দাবি ডিওবির মতো ‘উচ্চমানের’ মাদক বাংলাদেশে প্রথম ধরা পড়ল, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, সংশোধিত ২০২০ এর ‘ক’ শ্রেণিভুক্ত।
মাদকদ্রব্য অধিদপ্তরের ঊধ্বর্তন এই কর্মকর্তা জানান, গত অগাস্টে তারা জানতে পারেন বাংলাদেশে নতুন এক ধরনের মাদক দেশে আসছে। নিয়মিত অনুসন্ধানের পাশপাশি নতুন সেই মাদকের সন্ধান করতে গিয়ে একটি ‘কি ওয়ার্ড’ পান তারা।
“এর সূত্র ধরে নিশ্চিত হওয়া যায় নতুন এই মাদক দেশে ঢুকেছে এবং চক্রটিকে গ্রেপ্তার করার কৌশল হিসাবে একটি চক্রের সঙ্গে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) নামের মাদক কেনার জন্য একটি ফাঁদ পাতা হয়।”
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী চক্রটি চাহিদা অনুযায়ী খুলনা থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঁচটি এলএসডি স্ট্রিপ ঢাকার এলিফেন্ট রোড শাখায় পাঠায়, যা পরে জব্দ করা হয়।
অতিরিক্ত পরিচালক ফজলুর জানান, শুভকে সঙ্গে নিয়েই তার সঙ্গী পূজাখোলা এলাকার অর্ণব কুমার শর্মার (৩০) বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ও ১০ স্ট্রিপ এলএসডি উদ্ধার করা হয়।
“পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং ঘরে তল্লাশী চালিয়ে নতুন মাদক ডিওবির ৯০টি স্ট্রিপ পাওয়া যায়।“
একই সময় খুলনা সুন্দরবন কুরিয়ারের ম্যানেজার মামুনুর রশিদকে (৩২) গ্রেপ্তার করা হয় জানিয়ে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, খুলনা থেকে ঢাকায় মাদক কুরিয়ারের মাধ্যমে পাঠাতে তার সংশ্লিষ্টতা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারের পর শুভ কর্মকর্তাদের জানিয়েছে- টর ব্রাউজারের মাধ্যমে ডার্কওয়েবে গিয়ে তারা চাহিদা অনুযায়ি মাদকের দাম বিটকয়েনের মাধ্যমে পরিশোধ করেন। তারা ডিওবির চালানটি পোল্যান্ড থেকে নিয়ে আসেন।
এ মাদক খুলনা ও ঢাকায় বিশ্ববিদ্যালয়ের মাদকসেবী কিছু শিক্ষার্থীর কাছে বিক্রিও করেছেন বলে জানিয়েছেন।
অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা সংবাদ সম্মেলনে জানান, এ ধরনের মাদক সেবনকারীদের খিঁচুনি হয়, শরীর সংকুচিত হয়ে আসে। নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে থাকে না। তাকে যে কোনো কাজে ব্যবহার করা যায়। এ কারণে এটি বেশ ঝুঁকিপূর্ণ।
কুরিয়ারের মাধ্যমে অধিকাংশ সময় উড়োজাহাজে করে সিম কার্ডের মতো ক্ষুদ্র এসব স্ট্রিপ সাধারণ ডকুমেন্টের মত বাংলাদেশে আসছে বলে জানান তিনি।
অধিদপ্তরের ঢাকা মেট্রোর সহকারি পরিচালক মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুভ একজন ওয়েব ডিজাইনার। হ্যন্ডিক্রাফটের কাজ করে থাকেন। অর্ণব তার সহযোগী।সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছে।
অধিদপ্তরের পরিদর্শক হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন এ মাদক প্রতি স্ট্রিপ ১২ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে।
