২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ভাড়া: আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা

গণপরিবহনে ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া চালুর দাবিতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে ঢাকা কলেজের একদল ছাত্র।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2021, 03:23 PM

Updated : 10 Oct 2022, 06:24 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঢাকা কলেজের দিক থেকে ৫০-৬০ জন তরুণ লাঠিসোঁটা নিয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যায়।

সেখানে দায়িত্বরত পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়েছিল। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।”

ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বৃদ্ধির প্রেক্ষাপটে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা গত প্রায় এক সপ্তাহ ধরেই ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ-অবরোধের মত কর্মসূচি চালিয়ে আসছে।   

এর ধারাবাহিকতায় সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে। বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকে তারা।

ধানমণ্ডি থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে মিরপুর সড়ক, ধানমণ্ডি, নিউ মার্কেট এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।

সেখানে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন আলোকচিত্র সাংবাদিক জানান, শিক্ষার্থীরা অন্য যানবাহন ছেড়ে দিলেও কিছু বাস আটকে স্প্রে ও মার্কার দিয়ে তাদের দাবি ও বিভিন্ন স্লোগান লিখে দিচ্ছিলেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা ওই এলাকা প্রদক্ষিণ করছিলেন।

বেলা দেড়টার দিকে ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করার অভিযোগ তুলে ৫০-৬০ জন তরুণ কলেজের হোস্টেলের দিক থেকে লাঠিসোঁটা নিয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে অন্য কলেজের কয়েকজন ছাত্রকে মারধরও করা হয়।

পরে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে গেলে পুলিশ বেলা সোয়া ২টার দিকে রাস্তা চলাচলের জন্য খুলে দেয় বলে পরিদর্শক সাইফুল ইসলাম জানান।