২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে ভবনের পাশে যুবকের লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2021, 12:53 PM

Updated : 07 Apr 2022, 11:55 PM

মঙ্গলবার সকালে ১০ তলা নতুন ভবনের পূর্বপাশে খোলা জায়গায় আবর্জনার মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখে হাসপাতালে আসা রোগীর স্বজনরা পুলিশে খবর দেয়।

লুঙ্গি আর গেঞ্জি পরা ৩০ থেকে ৩২ বয়সী ওই যুবক হাসপাতালের রোগী কি না- সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “যে পাশে মৃতদেহ পড়ে রয়েছে, ওই‌ পাশে সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির প্রায় সব জানালা খোলা। বাইরে থেকে দেখে মনে হয়েছে, শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে।”

তবে উপর থেকে পড়ে যাওয়ার কারণে ওই জখম হয়েছে, নাকি অন্য কোনোভাবে আঘাত লেগেছে সে বিষয়ে নিশ্চিত হতে পরেনি পুলিশ।

খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও মৃতদেহটি উদ্ধারের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জন্য তারা অপেক্ষা করছেন।

শাহবাগ থানার এসআই ফারুক হোসেন বলেন, “মৃতদেহের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাই সিআইডি আলামত সংগ্রহের পর লাশটি উদ্ধার করা হবে।”

ওই যুবক হাসপাতালের রোগী কি না জানতে চাইলে পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “ওয়ার্ড মাস্টার খবর নিয়েছেন, কিন্তু এখনও নিশ্চিত করে বলতে পারছেন না। তবে মৃতদেহ দেখে তাকে ভবঘুরে বলে মনে হয়নি।”