প্রশাসক বসানোর সুযোগ আসছে জেলা পরিষদ আইনে
জেলা পরিষদের চেয়ারম্যানের মেয়াদপূর্তিতে প্রশাসক বসানোর বিধান রেখে জেলা পরিষদ আইন সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে জেলা পরিষদ (সংশোধন) আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “এখানে ঠিক করে দেওয়া হয়েছে, যাতে ঝামেলা না হয়। যার যার মেয়াদ শেষ, তিনি চলে যাবেন।”
২০০০ সালের জেলা পরিষদ আইনে বলা হয়েছে, পরিষদের মেয়াদ হবে প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর। মেয়াদপূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করতে হবে। তবে নতুন পরিষদ প্রথম সভায় মিলিত না হওয়া পর্যন্ত আগের পরিষদ দায়িত্ব পালন করতে পারবে।
সংশোধনীর মাধ্যমে সেই সুযোগে পরিবর্তন আনার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মেয়াদ শেষ হয়ে গেলেও জেলা পরিষদের চেয়ারম্যান থাকতেন। এটাও পৌরসভা অ্যাক্টের মত, উনার মেয়াদ শেষ হয়ে গেলে পরিষদ গঠিত যতদিন না হবে, ততদিন সরকার প্রশাসক দিয়ে রাখতে পারবে।”
এর আগে পৌরসভা আইনেও একই ধরনের সংশোধনী আনার কথা তুলে ধরে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “পৌরসভার আইনটাতেও এমন বিধান ছিল, একটা মেয়াদ ছিল পৌরসভা চেয়ারম্যানের, পরে কাউন্সিল না হওয়া পর্যন্ত উনি চালিয়ে যাবেন।
”তাতে দেখা যায় বিভিন্ন পৌরসভায় মামলা মোকদ্দমা চলত, ১৪-১৫ বছর অনেকে চেয়ারম্যান থাকতেন। জেলা পরিষদেও এই বিধান ছিল।”
আইন সংশোধন করে জেলা পরিষদ বোর্ডও পুনর্গঠন করা হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলার অধীন উপজেলা পরিষদগুলোর চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং সিটি মেয়ররা জেলা পরিষদের সদস্য হবেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পর্যবেক্ষক সদস্য হিসাবে বোর্ডে রাখা হচ্ছে জানিয়ে সচিব বলেন, “তারা সভায় অংশগ্রহণ করতে পারবেন, ভোট দিতে পারবেন না।”
চলচ্চিত্রের সনদ না নিলে জেল-জরিমানা
সনদ গ্রহণের বাধ্যবাধকতা ও জেল-জরিমানার বিধান রেখে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১৯৬৩ সালের সেন্সরশিপস অব ফিল্ম অ্যাক্টের বদলে নতুন এই আইন করা হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এতদিন আমাদের সিনেমাগুলোর অনুমোদন দেওয়া হত সেন্সরশিপ অফ ফিল্ম অ্যাক্ট ১৯৬৩ এর মাধ্যমে, যা পরে ১৯৭২ ও ২০০৬ সালে সংশোধন করা হয়েছিল।
”তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এটা মোডিফিকেশন করা হয়েছে যে, সেন্সরশিপ আইন থাকাটা ঠিক হবে না, এটা সার্টিফিকেশন আইন হওয়া উচিত। তার একটা অংশ থাকবে সেন্সরশিপ। পৃথিবীর অন্যান্য দেশেও সার্টিফিকেশন আইন। ফলে আগের আইনটা কিছুটা সংশোধন করে আনা হয়েছে।”
চলচ্চিত্রের সনদ গ্রহণ না করা এবং ‘টেম্পারিং’ করার শাস্তিও নতুন আইনে থাকছে বলে জানান আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, “যদি কোনো ব্যক্তি সার্টিফিকেশন-বিহীন কোনো চলচ্চিত্র বা প্রতীকবিহীন কোনো সার্টিফিকেশনপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শন করেন, তাহলে তিনি অনধিক ৫ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
”কোনো চলচ্চিত্র সার্টিফিকেশন প্রাপ্তির পর যদি কোনো টেম্পারিং করেন… অনেক সময় যে সিনগুলো সার্টিফিকেট প্রাপ্ত না বা সেন্সরড না, সেগুলো যোগ করেন… তাহলে দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা হবে।”
সংসদে রাষ্ট্রপতির ’বিশেষ ভাষণ’ ২৪ নভেম্বর
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৪ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে বিশেষ ভাষণ দেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
রাষ্ট্রপতির ভাষণের খসড়া সোমবার মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেন, “এটা একটা স্পেশাল ভাষণ হচ্ছে। সাধারণত উনি কোনো অধিবেশনের শুরুতে ভাষণ দেন।
”উনি মুজিববর্ষ উপলক্ষে একটা ভাষণ দিয়েছিলেন। এটা হচ্ছে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে, মহামান্য রাষ্ট্রপতি এই স্পেশাল ভাষণ দেবেন।”
