২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সফরে বিমান বাহিনী প্রধান

যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক ঢাকা ত্যাগ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2021, 08:06 PM

Updated : 02 Aug 2022, 06:36 PM

সোমবার সরকারি এ সফরে তিনি ঢাকা ছেড়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

নয় দিনের যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গে তিন জন সফরসঙ্গী আছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে বিমান বাহিনী প্রধান পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়র এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া তিনি ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এর ভারপ্রাপ্ত পরিচালক জেডি ডি আহ পি. রয়াল, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিরক্ষা বিষয়ক উপ সহকারী সচিব জেনারেল ব্রয়েন আই লিন্ডসে ডব্লিউ ফোর্ড ও ডিপার্টমেন্ট অব স্টেট এর পলিটিক্যাল অ্যাফেয়ার/রিজিওনাল সিকিউরিটি অব আর্মস ট্রান্সফার এর প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান এফ-১৬, এফ-১৮ ও সি-১৩০ বিমানের উৎপাদন সুবিধা এবং রক্ষণাবেক্ষণসহ দেশটির বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।

“এর মাধ্যমে বিমান বাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা আনাসহ সামগ্রিক সক্ষমতা বাড়ানোর বিশেষ সুযোগ সৃষ্টি হবে।”