দেশ রক্ষার পাশাপাশি উন্নয়নও চালিয়ে যেতে হবে: সশস্ত্র বাহিনীকে প্রধানমন্ত্রী
প্রতিরক্ষার পাশাপাশি দেশের উন্নয়নেও যেন সশস্ত্র বাহিনী অবদান রেখে চলে, সেই প্রত্যাশা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সশস্ত্র বাহিনী দিবস-২০২১ এ ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে নিজের প্রত্যাশার কথা জানান তিনি।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ‘ফোর্সেস গোল-২০৩০’ পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমরা যুগোপযোগী প্রতিরক্ষা নীতিমালা ২০১৮ প্রণয়ন করেছি। গত ১৩ বছরে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছি।”
সেনাবাহিনীতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, বিমান ও হেলিকপ্টার সংযোজন, নৌবাহিনীর জন্য অত্যাধুনিক করভেট, ফ্রিগেট, সাবমেরিন ও মেরিটাইম হেলিকপ্টার কেনা, বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান, উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য ক্ষেপনাস্ত্র সংযোজনের কথা বলেন তিনি।
সশস্ত্র বাহিনীর সদস্যদের মৃত্যু হলে পরিবারের সদস্যদের জন্য ফ্ল্যাট বা গৃহ নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান, জেসিও এবং অন্যান্য পদবির সদস্যদের মৃত্যু বা স্থায়ী অক্ষম হওয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ অনুদানের পরিমাণ বাড়ানোর কথাও বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শেখ হাসিনা।
জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রদানকারী দেশ হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তিনি বলেন।
করোনাভাইরাস মহামারী, দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সেনাবাহিনী এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে, মেরিন ড্রাইভ সড়ক, দৃষ্টিনন্দন হাতিরঝিল, ফ্লাইওভার এবং সীমান্ত সড়ক নির্মাণে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আমাদের নৌবাহিনী ভাসানচরে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগারিকদের জন্য আবাসন এবং অবকাঠামো নির্মাণের মাধ্যমে সুনাম অর্জন করেছে।”
বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন, আমি সেটাই কামনা করি।
“বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সশস্ত্র বাহিনী আমাদের জাতিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বিশ্ব দরবারে উন্নত জাতি হিসেবে মাথা ঊঁচু করে সম্মানের সাথে চলব, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
সশস্ত্র বাহিনী দিবস পালনের প্রেক্ষাপট তুলে ধরে মুক্তিযুদ্ধে শহীদ এই বাহিনীর সদস্যদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে জাতির পিতার নেওয়া নানা পদক্ষেপের কথাও বলেন তিনি।
বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, “আমার দুই ভাই সেনাবাহিনীর সদস্য এবং যদিও শেখ কামাল চাকরি ছেড়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অনার্স এবং মাস্টার্স ডিগ্রি শেষ করবার জন্য লেখাপড়া শুরু করে, কিন্তু জামাল তার প্রশিক্ষণ অব্যাহত রাখে এবং স্যান্ডহার্স্ট থেকে পাস করে নিয়মিত সেনাবাহিনীতে যোগদান করে। ছোট্ট রাসেলের সব সময় একটা শখ ছিল, সে বড় হলে সেনাবাহিনীতে যোগ দেবে। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হয়নি। ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট ঘাতকেরা নির্মম বুলেটের আঘাতে সবাইকে হারাই।”
এরপর নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে ১৯৯৬ সালে ক্ষসতায় গিয়ে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলেন শেখ হাসিনা।
