হাফ ভাড়া না নেওয়ায় ঢাকায় বাস ভাঙচুর
গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার দাবিতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কয়েকটি বাস ভাংচুর হয়েছে।
শনিবার দুপুরে শিক্ষার্থীদের এই ভাংচুরের কারণে কিছু সময় মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
ডিজেলের দাম বৃদ্ধির পর বাসে ভাড়া বাড়ানো হলে শিক্ষার্থীরা ‘হাফ ভাড়ার’ দাবিতে নতুন করে সক্রিয় হয়।
গত বৃহস্পতিবার ঢাকা কলেজের কয়েকশ শিক্ষার্থী দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। তার দুদিন বাদে বাস ভাংচুর হল।
ঢাকা কলেজের একজন শিক্ষার্থী বলেন, কয়েকদিন ধরে তারা দাবি জানিয়ে এলেও বাসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে পুরো ভাড়াই নিচ্ছে। এনিয়ে প্রতিদিনই বাসে ঝগড়াঝাঁটি চলছে। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শনিবার দুপুরে রাস্তায় নেমে পড়ে।
বিকাশ পরিবহনের বাসচালক মোহাম্মদ ওয়াহিদ বলেন, তারা যাত্রী নিয়ে আসছিলেন। ঢাকা কলেজের সামনে হঠাৎই ইট ছুড়তে শুরু করে শিক্ষার্থীরা। তখন আতঙ্কিত যাত্রীরা হুড়মুড় করে বাস থেকে নেমে যায়।
এতে কেউ আহত হয়েছে কি না, তা বলতে পারেননি ওয়াহিদ।
ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে দুপুর ১টচার দিকে পুলিশের একটি দলকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কাজ করতে দেখা যায়।
সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছিল। পুলিশ জানতে পারে ঘটনাস্থলে এসে কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ রাখে। পরে বুঝিয়ে ছাত্রদের ফেরত পাঠানো হয়।”
রাস্তা বন্ধ থাকায় কিছু সময়ের জন্য এলাকায় যানজটও তৈরি হয়।
গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি বলেছিলেন, শিক্ষার্থীদের এই দাবি ‘পর্যায়ক্রমে’ বাস্তবায়ন করা হবে।
