আমিরাত সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
গত বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
সফরকালে তিনি আরব আমিরাতের চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক আলোচনায় তারা দু'দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে বিভিন্ন সম্ভাবনার বিষয়ে মত বিনিময় করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সফরকালে সেনাপ্রধান দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুবাই এয়ার শো- ২০২১ পরিদর্শন করেন। তিনি প্রদর্শনীতে উপস্থিত বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন বলে আইএসপিআর জানায়।
আরব আমিরাত সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর
গত ১৫ নভেম্বর সরকারি সফরে সেনাপ্রধান আরব আমিরাতে যান।
