কারাবন্দি ‘টিকটক রাজ’ আরও দুই মামলায় গ্রেপ্তার
প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আব্দুর রাকিব খোকনকে (টিকটক রাজ) আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
র্যাব কর্মকর্তা পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে গত ১৫ নভেম্বর রাকিবকে গ্রেপ্তার করা হয়।
এরপর র্যাব-২ এর সদস্য নায়েব সুবেদার সামছুল আলম বাদী হয়ে রাকিবের বিরুদ্ধে তিনটি মামলা করেন মোহাম্মদপুর থানায়।
এর মধ্যে প্রতারণার মামলায় বুধবার ঢাকার হাকিম আদালত রাকিবকে কারাগারে পাঠিয়ে দেয়।
বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্নগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। তা মঞ্জুর করেন মহানগর হাকিম মইনুল ইসলাম।
প্রতারণার মামলায় রাকিব জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের শুনানি হবে ২২ নভেম্বর।
রাকিবের বিরুদ্ধে র্যাবের পোশাক পরে টিকটক ভিডিও তৈরি করে শতাধিক মেয়ের সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে প্রতারণার অভিযোগ উঠেছে।
গ্রেপ্তারের পর র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার মঈন বলেছিলেন, “রাজ র্যাবের পোশাক পরে নিজেকে র্যাব-৫ এ কর্মরত হিসেবে পরিচয় দিয়ে আসছিল। টিকটকের পাশাপাশি ফেইসবুক, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে সে এভাবে প্রতারণা করে আসছিল গত দুই বছর ধরে।
“টিকটকে তার দেড় মিলিয়ন ফলোয়ার রয়েছে। নিম্নবিত্ত পরিবারের সন্তান হয়েও নিজেকে উচ্চবিত্ত হিসেবে পরিচয় দিত। এই পরিচয় ফুটিয়ে তুলতে বিভিন্ন আলিশান বাড়ির সামনে সে ভিডিও তৈরি করত। টিকটক ব্যবহারকারী মেয়েদের মধ্যে যারা দামি অলঙ্কার পরত, বা অবস্থাপন্ন বলে যাদের মনে হত, তাদেরকে টার্গেট করত রাজ। পরে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে অলঙ্কার ও অর্থ আত্মসাৎ করত।”
