একসাথ হলেও একমত হয়নি আইওআরএ
ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস) নিয়ে নিজেদের একীভূত অবস্থান প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত একমত হতে পারেনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)।
ঢাকায় অনুষ্ঠিত জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে এনিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত আসেনি।
তিন দিনব্যাপী বৈঠক শেষে বুধবার এক সংবাদ সম্মেলনে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আইপিএস প্রসঙ্গে এক প্রশ্নে মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল খুরশেদ আলম বলেন, “আলোচনায় এসেছে। যদিও এটা মিনিস্টারিয়াল সেগমেন্টে যায়নি।
“আমরা আলোচনা করেছি ইন-ডেপথ, কিন্তু সিদ্ধান্তের পৌঁছার মতো যে ধরনের কাঠামো দরকার, সেই কাঠামোতে একমত হয়ত আমরা সবাই হইনি।”
ভারত মহাসাগরীয় অঞ্চলের ২৩ দেশের জোট আইওআরএ। এতে সংলাপ সহযোগী (ডায়ালগ পার্টনার) হিসাবে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্যসহ আরও নয়টি দেশ।
ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোম ও মঙ্গলবার জোটের কমিটি অব সিনিয়র অফিসিয়ালসের ২৩তম সভা এবং বুধবার কাউন্সিল অব মিনিস্টার্সের ২১তম সভা হয়।
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চীনের প্রভাব বাড়ার মধ্যে নিজেদের পরিকল্পনা নিয়ে ২০১৭ সালে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের মতো ইউরোপীয় ইউনিয়নও সামগ্রিকভাবে নিজেদের একটি আইপিএস প্রণয়ন করেছে।
আইওআরএ-ও নিজেদের ‘ভিশন’ প্রণয়ন করবে বলে বৈঠকের আগে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুর মোমেন।
“যে ভিশন হবে অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের।”
চীন ও যুক্তরাষ্ট্রকে নিয়ে বৈঠক পববর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই সেই ‘ভিশন’ প্রণয়নের অগ্রগতির বিষয়টি উঠে আসে সাংবাদিকদের প্রশ্নে।
এ বিষয়ে আরেক প্রশ্নে সচিব খুরশেদ আলম বলেন, “এখানে একমতের প্রসঙ্গ এ জন্য আসে না যে, এটা একটা ইভলভিং ইস্যু। বাইরেও যদি দেখেন, ইন্দো-প্যাসিফিক আইওআরএ-তে কোনো স্ট্রাকচার দাঁড় করানো হয় নাই।
“কাজেই ইভলভিং ইস্যুতে কোনটার উপর আপনি এগ্রি করবেন, আর কোনটার উপর করবেন না, তা কিন্তু পারসেপশনের উপর নির্ভর করে।”
তিনি আরও বলেন, “আমাদের আইওরাতে (আইওআরএ) সিদ্ধান্ত হয় কনসেনসাসের ভিত্তিতে। একটি দেশ যদি বলে আমি একমত না, তাহলে সিদ্ধান্ত হয় না।”
পরস্পরবিরোধী অবস্থানে থাকা চীন-যুক্তরাষ্ট্র কীভাবে বিষয়টি নিয়ে আলোচনা করেছে- এ প্রসঙ্গে খুরশেদ আলম বলেন, “কোনো দেশের বিষয়ে স্পেসিফিক আলোচনা হয়নি।
“আমাদের আলাপটা ছিল আইওআরএ কীভাবে দেখছে এটাকে। কোনো দেশের নাম বা কিছু আমাদের আলোচনায় আসেনি। আমাদের কী রকম একটা ডকুমেন্ট থাকা উচিত, সেটার উপরে আলোচনা হয়েছে।”
পররাষ্ট্রমন্ত্রী মোমেন এ বিষয়ে বলেন, “যুক্তরাষ্ট্র ও চীন তাদের বক্তব্যে ভারত মহাসাগরীয় অঞ্চল উন্নয়নের ক্ষেত্রে এটাকে কীভাবে কাজে লাগানো যায়, সেটার উপরে জোর দিয়েছে। আমরা যেটা চাইছি, সেটার উপর তারা জোর দিয়েছে।
“আমরা চাচ্ছি ভারত মহাসাগরীয় অঞ্চলের যে সম্পদ আছে, সেটাকে কীভাবে কাজে লাগানো যায়, সেটার আদানপ্রদান করে কীভাবে নিজের দেশের জন্য কাজে লাগানো যায়, এটাই মূলত আলোচনা হয়েছে।”
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ইন্দো-প্যাসিফিক নিয়ে কিছু দেশ আলাদা করে বলছে। ইউরোপীয় ইউনিয়নের একটা পজিশন আছে, পৃথকভাবে ইইউভুক্ত দেশগুলোর আছে, এছাড়া ইউএসেরও পজিশন একটা আছে।
“সেটা পৃথকভাবে করা যতটা সহজ, সেটা আইওআরএ-র মতো একটি সংগঠনে, যেখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের দেশ রয়েছে, সুতরাং এখানে কমন একটা কিছু করাটা একটু কঠিনই হবে।”
তবে আশা না ছেড়ে তিনি বলেন, “একটা মিটিং হয়ে শেষ হয়ে যাবে না, বাংলাদেশের দুই বছরের চেয়ারম্যানশিপ রয়েছে এবং আগামী জুলাই মাসের এখানে বিস্তারিত আলোচনা হবে।
“এই সময়ের মধ্যে সদস্য দেশ বা ডায়ালগ পার্টনাররা ক্রিস্টালাইজড করবে তাদের আইডিয়াগুলো, সেটার প্রেক্ষিতে আগামীতে হয় আইওআরএ-র পক্ষ থেকে ইন্দো-প্যাসিফিক কৌশলের ব্যাপারে আমাদের কী চিন্তাভাবনা বা পজিশন আছে, সেটা আমরা তুলে ধরতে পারব।”
বৈঠকের মাধ্যমে ২০২২-২৩ সালের জন্য আইওআরএ সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। দশম দেশ হিসাবে সংগঠনের ডায়ালগ পার্টনার হয়েছে রাশিয়া।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে সদস্য দেশ ও সংলাপ সহযোগী দেশগুলোর ১৫ জন মন্ত্রী সরাসরি অংশ নেন, বাকিরা যোগ দেন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে।
