২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত মহাসাগর অঞ্চলে কারও একক আধিপত্য চাই না: মোমেন

ভারত মহাসাগরীয় অঞ্চলে সব দেশের জন্য সমান সুযোগ বাংলাদেশ চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 10:11 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভারত মহাসাগর অনেক বড় ব্যাপার। এখানে অনেকের অনেক রকম স্বার্থ আছে।

“কিন্তু আমাদের নীতি আছে, ভারত মহাসাগর হবে উন্মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ ও অন্তর্ভূক্তিমূলক। এখানে আমরা কারও কোনো ধরনের একক আধিপত্য চাই না।”

সোমবার থেকে ঢাকায় ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের’ (আইওআরএ) উচ্চ পর্যায়ের বৈঠক শুরু উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

ভারত মহাসাগরীয় অঞ্চলের ২৩ দেশের জোট আইওআরএ। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংগঠনের কমিটি অব সিনিয়র অফিসিয়ালসের ২৩তম সভা এবং কাউন্সিল অব মিনিস্টার্সের ২১তম সভা অনুষ্ঠিত হবে।

সভার পর বাংলাদেশ প্রথমবারের মতো অ্যাসোসিয়েশনের সভাপতির পদ গ্রহণ করবে, যার মেয়াদ দুই বছর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোম ও মঙ্গলবার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পরদিন অনুষ্ঠিত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক। সদস্য দেশগুলোর পাশাপাশি সংলাপ সহযোগী হিসাবে অংশ নেবে আরও ৯ দেশ।

বৈঠকে ১১ দেশের ১২ জন মন্ত্রী সরাসরি উপস্থিত থাকবেন, বাকিরা অংশ নেবেন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে।

সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এ সম্মেলন বাংলাদেশের জন্য খুবই প্রয়োজনীয়, উপকারী। কারণ ভারত মহাসাগরীয় অঞ্চল বাণিজ্যের জন্য খুবই ভালো জায়গা, আবার খুবই ঝুঁকিপূর্ণ এলাকা।

“ঘূর্ণিঝড়, বন্যা, সুনামি বলেন- এই ভারত মহাসাগরেই অধিকতর হয়। আমরা আবার বিরাট পরিকল্পনা করেছি, ডেল্টা প্ল্যান, যা ২১০০ সাল পর্যন্ত থাকবে। এ অঞ্চলের বিভিন্ন ইস্যু এখানে তুলে ধরার সুযোগ থাকবে।”

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স) অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম বলেন, “প্রত্যেক দেশের কোভিড ব্যবস্থাপনার দিকও থাকবে, রিকভারি কেমন, টিকাদান কর্মসূচি কেমন- সেটা নিয়ে ইন্টার‌্যাকটিভ ডায়ালগ মিনিস্টারিয়াল সেগমেন্টে রাখা আছে।”

তিনি বলেন, “ইন্দো-প্যাসিফিক নিয়েও একটা আলাপ-আলোচনা হবে। আমাদের আউটলুক সামনে কী রকম হবে, সেটা দেখা যাবে। বিভিন্ন ভিউজ আমরা গ্রহণ করতে পারব।”

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “এই মিটিংটার মাধ্যমে আমাদের কোভিড পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আছে, সেটা তুলে ধরার একটা সুযোগ পেয়ে যাচ্ছি। আমরা সাহস করে সরাসরি করতে চাচ্ছিলাম। প্রথম দিকে অনেকে আগ্রহ দেখাননি। পরে আগ্রহ বেড়েছে।

“সাম্প্রতিক সময়ে মন্ত্রী পর্যায়ে অন্যান্য বৈঠকেও এ ধরনের উপস্থিতি ছিল। সেটাই বলে দেয় যে, বাংলাদেশের কোভিড পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আছে তারও প্রকাশ এটা। ফলে তারা এতজন আসছেন।”