২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে নিয়ে বাড়ি ফেরা হল না স্মৃতির

অগ্নিদগ্ধ আবুল কালাম ছিলেন হাসপাতালে ভর্তি, তার মেয়ে স্মৃতি হাসপাতালে আসার পর আর নড়ছিল না। তার একটাই কথা ছিল- বাবাকে নিয়েই বাড়ি ফিরবে। কিন্তু তা আর হল না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 06:21 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে মৃত্যু হল আবুল কালামের (৫০)।

ঢাকার সায়েদাবাদে আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন তিনি।

সায়েদাবাদে বিস্ফোরণ: বাবাকে না নিয়ে যাবেন না স্মৃতি  

তার সঙ্গে দগ্ধ আরও একজন শামসুদ্দিন রিপন (৪০) এদিন ভোরে মারা যান।

এনিয়ে এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে তিনজন হল। দেহে আগুনের ক্ষত নিয়ে তিনজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

রিপনের শরীরের ৬০ শতাংশ এবং কালামের শরীরের ৮০ শতাংশ পুড়েছিল বলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানিয়েছেন।

মৃত রিপন ভোলা জেলার মৃত আলী হোসেন জমাদারে ছেলে। তিনি পেশায় ছিলেন ভ্যানচালক, থাকতেন সায়েদাবাদে। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা কালাম জুরাইন এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। মেয়ে স্মৃতি ছাড়াও তার এক ছেলে রয়েছে।

গত শনিবার এই অগ্নিকাণ্ডের পরদিনই বিশ্বনাথ দত্ত নামে একজন হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন।

ডা. আইউব বলেন, ছয়জন দগ্ধের মধ্যে বর্তমানে দুজন চিকিৎসাধীন রয়েছেন। প্রথম দিন  রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আছেন শফিকুল ইসলাম (৪০) ও কবির হোসেন (৪০)।

সায়েদাবাদে বিস্ফোরণে ৬ জন দগ্ধ

ঘটনার দিন আহত রবিন সাংবাদিকদের বলেছিলেন, “হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। একটা আগুনের ফুলকি এসে আমার দুই হাত ও মুখে এসে লাগে। কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে বলতে পারছি না।”

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেছিলেন, “ওই মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।”