সায়েদাবাদে বিস্ফোরণ: বাবাকে না নিয়ে যাবেন না স্মৃতি
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ কক্ষের বাইরে দাঁড়িয়ে ১৩ বছরের স্মৃতি; অন্য আত্মীয় স্বজন এদিক-ওদিক যাওয়া আসা করলেও তিনি ঠাঁয় দাঁড়িয়ে।
কখন তার বাবার ভালো খবর আসবে চিকিৎসক বা নার্সদের কাছ থেকে, তা শোনার প্রতীক্ষায় তিনি।
স্মৃতির বাবা আবুল কালাম (৫০) গত শনিবার সন্ধ্যায় সায়েদাবাদ জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন।
ওই দুর্ঘটনায় তিনি ছাড়াও শামসুদ্দিন রিপন (৪০), রবিন (৪৫), শফিকুল ইসলাম (৪০), বিশ্বনাথ (৬৫) ও কবির হোসেন (৪০) দগ্ধ হয়েছেন।
বর্তমানে বিশ্বনাথ ছাড়া বাকি পাঁচ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, রোববার বিকালে চিকিৎসাধীন অবস্থায় বিশ্বনাথ মারা গেছেন।
রোববার বিকালে বার্ন ইনস্টিটিউটের ছয় তলায় স্মৃতিকে দেখা গেল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন পোস্ট অপারেটিভ কক্ষের বাইরে।
স্মৃতির ভাই রনি বলেন, রাতে স্মৃতিকে হাসপাতালে আনা হয়নি। কারণ ছোট বোন বাবার এসব সহ্য করতে পারবে না।
“সকালে এনেছি, কিন্তু এখন আর এখান থেকে নড়াতে পারছি না। শুধু বলছে, বাবাকে নিয়ে বাড়ি যাবে।“
কালামের বাড়ি সাভার এলাকায়। পরিবার নিয়ে তিনি থাকেন গেন্ডারিয়ার পাইপ রাস্তার স্মৃতি ভিলায়।
চিকিৎসক পার্থ শংকর বলেন, আবুল কালামের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে আইসিইউতে রাখা উচিত, কিন্তু আইসিইউ খালি না থাকায় পোস্ট অপারেটিভ ইউনিটে রাখা হয়েছে।
তিনি বলেন, এসব রোগীর অবস্থা কেমন তা সহজেই বুঝতে পারছেন।
“ওই বিস্ফোরণে দগ্ধ রবিন ছাড়া বাকি সবার অবস্থা আশঙ্কাজনক।“
তিনি বলেন, বিস্ফোরণে শামসুদ্দিন রিপনের ৬০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ, কবিরের ৮৫ শতাংশ ও রবিনের ৫ শতাংশ দগ্ধ হয়। মারা যাওয়া বিশ্বনাথের দগ্ধ হয়েছিল ৩৪ শতাংশ।
রনি বলেন, তার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম।
আস্তে বলুন শুনে যাবে
একই ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কবির হোসেন (৪০)।
ওই ইউনিটের বাইরে তার স্ত্রী জোসনা ও ভাতিজা আফজাল গাজী অপেক্ষা করছেন।
আফজালের কাছে কবিরের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আস্তে বলুন চাচি শুনবে?
কেন এমনটি বলছেন জানতে চাইলে তিনি বলেন, চাচিকে বলা হয়নি যে কাকার শরীর সবচেয়ে বেশি ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে।
কবিরের বাড়ি শরীয়তপুরের শখিপুরে। ঢাকার মীরহাজিরবাগে দুই মেয়ে এক ছেলেকে নিয়ে বসবাস করেন।
বড় মেয়ে সোমা আক্তারের বয়স ১৬, আরেক মেয়ে সামিয়ার বয়স ১৩ আর ছোট ছেলে সামিউলের বয়স ছয়।
তিনি বলেন, কাকার কিছু হলে চাচি এই তিন সন্তান নিয়ে কী করবেন? সত্যিই আমিই ভেবে কূল কিনারা পাচ্ছি না। তাই এখন কিছুই শুনানো হচ্ছে না তাকে।
হাসপাতালে দুর্ঘটনার বর্ণনা দিয়ে আহত রবিন বলছিলেন, জনপথ মোড়ে ওই মার্কেটের নিচতলায় তাদের ঝালাইয়ের দোকান রয়েছে।
হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। একটা আগুনের ফুলকি এসে তার দুই হাত ও মুখে এসে লাগে। কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে বলতে পারেননি তিনি।
যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিচতলায় সিলিন্ডারের ঝালাই করা ও রঙ করা হয়।
দগ্ধ কালাম সেখানে চুক্তিভিত্তিক কাজ করে থাকেন। দগ্ধ বাকিরা তার কারখানার শ্রমিক।
এই ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, পুলিশ সাধারণ ডায়েরি করেছে এবং পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
