গম গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী খুন: দুজন রিমান্ডে
বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদ হত্যা মামলায় জাকিরুল হোসেন ও সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
সোমবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) সানাউল হক দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নিতে আবেদন করেন।
আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদাবর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম জানান।
গত ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তিনি মারা যান।
পুলিশ বলছে, একজনের ফোন পেয়ে কল্যাণপুরের উদ্দেশে মিরপুরের বাসা থেকে বেরিয়ে যান আনোয়ার শহীদ। শ্যামলী হানিফ কাউন্টার পৌঁছামাত্র অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এঘটনায় রোববার এ দুই জনকে গ্রেপ্তার করে র্যাব।
