দেয়াল কেটে ব্যাংকে ঢুকে ভল্ট লুটের চেষ্টা, গ্রেপ্তার ৩
ঢাকার বাড্ডায় আইএফআইসি ব্যাংকের উপশাখার ‘ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টার’ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশনস) নূরে আলম মাসুম সিদ্দিকী জানান, শনিবার রাতে বাড্ডা লিংক রোডে ওই ব্যাংক শাখার দেয়াল কেটে ভেতরে ঢোকে ডাকাতরা। তবে ভল্ট ভেঙে লুটের চেষ্টা করে তারা ‘ব্যর্থ হয়’।
ঘটনার সময় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে সেখানে গিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বনানীর সাততলা বস্তি এলাকা থেকে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরিদর্শক নূরে আলম বলেন, গ্রেপ্তার হৃদয়, রুবেল ও মামুনের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তাদের একজন দেয়াল কেটে ব্যাংকের ভেতরে ঢোকে। আরেকজন বাইরে ছিল।
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ব্যাংকের ১৫৭টি শাখা, ৬৫০টি উপশাখা আছে। সব শাখা ও উপশাখায় সিসিটিভি ক্যামেরা বসানো আছে। ব্যাংকের হেড অফিস থেকে সেসব ক্যামেরা পর্যবেক্ষণ করা যায়।
“আমাদের প্রত্যেক শাখা উপশাখায় সেন্সর বসানো আছে। যখন চুরি করার চেষ্টা করা হল, সাথে সাথে হেড অফিসে সাইরেন বেজেছে। আমাদের হেড অফিসের লোক তখন ৯৯৯ এ ফোন দিয়েছে। পুলিশ দ্রুত সেখানে যায় এবং চোর ধরে ফেলে। চোর আমাদের দেয়াল ভাঙলেও সিন্দুক ভাঙতে পারেনি।”
এই ঘটনায় আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেছেন।
সেই মামলায় তিনজনকে রোববার ঢাকার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই আনাছ উদ্দিন।
রিমান্ড আবেদনে তিনি বলেন, “রাত একটা থেকে আড়াইটা পর্যন্ত বাড্ডা থানাধীন লিংক রোড ডে-নাইট সিরাজ টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের গুলশান-বাড্ডা লিংক রোড উপ-শাখার আয়রন সেফ রুমের উত্তর পাশের দেয়াল গোল করে ভেঙে ফেলে আসামিরা। মামুন এবং রুবেলের সহযোগিতায় হৃদয় ভিতরে প্রবেশ করে আয়রন সেফ ভাঙ্গতে চেষ্টা করে। আয়রন সেফে রক্ষিত টাকা চুরি করার চেষ্টা করে ব্যর্থ হয়। মামুন ও রুবেল ব্যাংকের বাইরে অবস্থান করে বিভিন্ন লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে।
“প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা পেশাদার চোর এবং চোর দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বাড্ডা থানা এলাকাসহ আশ-পাশের এলাকায় চুরির ঘটনা সংঘটিত করে আসছে। তারা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটিয়েছে মর্মে তথ্য পাওয়া যায়। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে এবং ঘটনার রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।”
হৃদয় ও রুবেলের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে মামুনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার তিন আসামির প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
