‘মেরিটাইম জোন’ আইন বাংলাতেও করার প্রস্তাব সংসদীয় কমিটির
সংসদে উত্থাপিত ‘মেরিটাইম জোন’ আইনের খসড়ায় ‘বাংলা পাঠ’ যুক্ত করতে নতুন একটি ধারার প্রস্তাব করেছে সংসদীয় কমিটি।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ এর প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপন করার পর সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সংসদীয় কমিটি সংশ্লিষ্টদের মতামত নিয়ে বিলটির প্রতিবেদন চূড়ান্ত করে।
কমিটির সভাপতি ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কিছু সংশোধনীসহ বিলটি চূড়ান্ত করেছি। আগামী সংসদ অধিবেশনের প্রথম বা দ্বিতীয় দিনেই এটা উত্থাপন করা হবে।”
সংশোধনীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই আইনটি আন্তর্জাতিক পর্যায়ে অনুসরণ করা হবে বলে এটা ইংরেজিতে প্রণয়ন করা হয়েছে। তবে, আইনটির একটি বাংলা পাঠ যাতে হয়, তার জন্য নতুন একটি ধারা যুক্ত করার সুপারিশ করেছি। আইনটি পাসের পরপরই দ্রুত সময়ের মধ্যে বাংলাপাঠ প্রকাশ করার কথা বলেছি।”
তিনি বলেন, “সংসদে উত্থাপিত আইনে যে দণ্ডের কথা ছিল, আমরা কয়েকটি ক্ষেত্রে তা বাড়ানোর প্রস্তাব করেছি। এক্ষেত্রে জেল ও জরিমানা দুটোই বাড়ানোর কথা বলা হয়েছে।”
সংসদে উত্থাপিত বিলটি আইনে পরিণত হলে অভ্যন্তরীণ জলসীমা ও রাষ্ট্রীয় জলসীমা, ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানে সমুদ্র সম্পদের ওপর বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হবে।
খসড়া আইনে জলদস্যুতা, সশস্ত্র চুরি, সমুদ্র সন্ত্রাস নিয়ে জেল-জরিমানার প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রীয় জলসীমায় চলাকালে কোনো বিদেশি জাহাজে অপরাধ সংগঠিত হলে অপরাধী গ্রেপ্তার ও তদন্ত পরিচালনায় এ আইন প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় ১৯৭৪ সালে সর্বপ্রথম বাংলাদেশের মেরিটাইম অঞ্চলের সীমানা নির্ধারণ এবং সমুদ্র সম্পদ অনুসন্ধান ও আহরণে ‘দ্য টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম অ্যাক্ট ১৯৭৪’ প্রণয়ন করা হয়।
পরে ১৯৮২ সালে ‘ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি’ শীর্ষক কনভেনশন জাতিসংঘ গ্রহণ করলে একই বছর ১০ ডিসেম্বর বাংলাদেশ তাতে স্বাক্ষর করে।
কমিটির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন।
