অতিরিক্ত ভাড়া: ঢাকা-চট্টগ্রামে ৩১৪টি বাসকে জরিমানা
ভাড়া বাড়ানোর পর তার চেয়েও বেশি টাকা নেওয়াও ঢাকা ও চট্টগ্রামে এক দিনের অভিযানে ৩১৪ বাসকে জরিমানা করেছে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।
ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন মালিক-শ্রমিকদের দাবির মুখে বাস ভাড়া ২৭ শতাংশ বাড়ায় বিআরটিএ।
সোমবার নতুন ভাড়া কার্যকরের পর বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠার পর বুধবার অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
বিআরটিএর পরিচালক মো. সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ঢাকা ও চট্টগ্রামে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ২৯৬টি বাস ও মিনিবাসকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে ৩ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, এর মধ্যে ২৪৪টি ডিজেলচালিত বাস এবং ৫২টি সিএনজিচালিত ছিল।
পুলিশের পক্ষ থেকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও কলাবাগান এলাকায় অভিযান চালানো হয়।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নির্বাহী হাকিম সঞ্জীব দাশ ১০টি বাসকে ২৪ হাজার টাকা জরিমানা করেন। কলাবাগানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম রফিকুল হক। তিনি ৮টি বাসকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
