২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানের অভিভাবকত্ব: পারিবারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সন্তানের অভিভাবকত্ব নিয়ে পারিবারিক আদালতের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 09:03 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

রোববার সন্তানের হেফাজত সংক্রান্ত এক রিট আবেদনের চূড়ান্ত শুনানির পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।

রায়ের এ নির্দেশনা সংশ্লিষ্টদের জানাতে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। অপরপক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।

রিট আবেদনের তথ্য অনুযায়ী, বিয়ের চার বছর পর ২০১৫ সালে এক দম্পত্তি কন্যা সন্তানের পিতামাতা হন। পরে মতবিরোধ, পারিবারিক দ্বন্দ্বের কারণে ২০১৮ সালে তাদের সংসার ভেঙে যায়।

এরপর শিশুটি তার বাবার কাছে ছিল। এ অবস্থায় শিশুটির অভিভাবকত্ব ও জিম্মা ফিরে পেতে হাই কোর্টে রিট করেন তার মা।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট রুলসহ আদেশ দেয়। এ আদেশ অনুযায়ী শিশুটিকে আদালতে হাজিরও করা হয় এবং শিশুটি তার মায়ের সঙ্গে সময় কাটায়।

নাকানো-ইমরান দম্পতির শিশুদের জিম্মা নিয়ে হাই কোর্টের রায় ১৪ নভেম্বর  

এমন অবস্থায় রুল শুনানির পর রোববার রায় দিল আদালত।

রায়ে রিট আবেদনের আগে পারিবারিক আদালতে ওই শিশুর মায়ের করা মামলা ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ সাংবাদিকদের বলেন, “প্রায় ছয় বছর বয়সী শিশুটি বাবার সঙ্গে রাজশাহীতে থাকে। মা সেখানে গিয়ে শিশুটিকে দেখতে ও সময় কাটাতে পারবে বলে হাই কোর্ট বলেছে।”

সংশ্লিষ্ট পুলিশ কমিশনারকে এ বিষয়ে সহায়তা দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।