২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাকানো-ইমরান দম্পতির শিশুদের জিম্মা নিয়ে হাই কোর্টের রায় ১৪ নভেম্বর

জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি ইমরান শরীফের তিন শিশু সন্তানের অভিভাবকত্ব ও জিম্মার বিষয়ে ১৪ নভেম্বর সিদ্ধান্ত দেবে উচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2021, 06:58 PM

Updated : 25 Jul 2022, 05:25 PM

তাদের দুজনের দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রায়ের দিন ঠিক করে দেয়।

ততদিন পর্যন্ত বালাদেশে থাকা দুই শিশু মা নাকানোর জিম্মায় থাকবেন। বাবা ইমরান শরীফ শুধু দিনের বেলায় তাদের সঙ্গে থাকার সুযোগ পাবেন।

আদালতে শিশুদের মা নাকানো এরিকোর রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর বাবা ইমরান শরীফের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও ফাওজিয়া করিম ফিরোজ।

দুই শিশুর অভিভাবকত্ব চেয়ে নাকানো এরিকো রিট আবেদন করলে ১৮ অগাস্ট এক আদেশে দুই শিশুকে হাজির করতে বলে হাই কোর্ট।

শিশুদের বাবা ইমরান শরীফ ও তার বোন আমিনা জেবিনকে (শিশুদের ফুপু) ওই নির্দেশ দেওয়া হয়। ইমরান শরীফ যাতে দুই মেয়েকে নিয়ে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের দেশত্যগে নিষেধাজ্ঞাও দেয় আদালত।

এর মধ্যে গত ২২ অগাস্ট দুই শিশুকে ইমরান শরীফের বারিধারার বাসা থেকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারপর থেকে তারা মহানগর পুলিশের সাপোর্ট সেন্টারে ছিল।

সেখান থেকেই গত ৩১ অগাস্ট দুই শিশুকে আদালতে নিয়ে যায় পুলিশ।

উন্নত পারিবারিক পরিবেশে শিশুদের রাখতে তাদের মা এরিকো ও বাবা ইমরানের আবেদনের পর সব পক্ষের সাথে আলোচনা করে ওইদিন আদেশ দেয় আদালত।

সে আদেশে ইমরান শরীফের ঠিক করা গুলশানের একটি ফ্লাটে দুই শিশুকে নিয়ে আপাতত ১৫ দিন একসাথে থাকতে বলা হয় তাদের।

ঢাকা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালককে বিষয়টি দেখভাল করতে বলা হয়েছিল। আর শিশু ও মা-বাবার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছিল ঢাকা মহানগর পুলিশ ও সিআইডিকে।

কিন্তু সাত দিনের মাথায় গত ৩০ অগাস্ট সে অদেশ পরিমার্জন (মোডিফিকেশন) চেয়ে আদালতে আবেদন করে নাকানো এরিকোর আইনজীবী।

৩১ অগাস্ট সে আবেদনের শুনানির পর হাই কোর্ট সন্তানদের সথে মা-বাবার থাকা এবং তাদের সময় কাটানোর বিষয়টি সুনির্দিষ্ট করে দেয়।

আদালত বলে দেয়, ৯, ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর রাতে ওই বাসায় মেয়েদের সাথে মা থাকবেন, বাবা থাকবেন না। বাকি সময়টা বাবা-মা দুজনেই শিশুদের সাথে থাকতে পারবেন।

তাছাড়া মা-বাবা চাইলে বাচ্চাদের নিয়ে বেড়াতে যেতে পরবেন। কেনাকাটা করতে পারবেন, বাইরে খেতে পারবেন।

পরদিন অর্থাৎ ১ সেপ্টেম্বর হাই কোর্টের এ আদেশ স্থগিত চেয়ে ইমরান শরীফ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলেও চেম্বার বিচারপতি সেদিন হাই কোর্টের আদেশে হস্তক্ষেপ করেননি।

তারই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর মামলাটি আদালতে উঠলে দুই পক্ষই সম্পূরক আবেদন করে।

মা নাকানো এরিকোর আবেদনে একটি আরজি ছিল শিশুদের সাথে মা-বাবার থাকা বা সময় কাটানোর সময়, দিনক্ষণ আলাদা করে দেওয়া। যদিও এতে আপত্তি তুলেছিলেন শিশুদের বাবা ইমরান শরীফের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

কিন্তু আদালত সে আপত্তিতে কর্ণপাত না করে অদেশ দেয়। আদেশে আদালত বলে দেয়, নাকানো এরিকো শিশুদের সঙ্গে থাকতে পারবেন সারক্ষণ। আর বাবা ইমরান শরীফ কেবল দিনের বেলা তাদের সঙ্গে থাকতে পারবেন।

এদিন আদালত ২১ অক্টোবর পর‌্যন্ত শুনানি মুলতবি রাখে। এর মধ্যে ইমরান শরীফ  জাপানে থাকা তার ছোট মেয়ের নিরাপদ অবস্থান নিশ্চিত হতে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে রিট করেন।

২১ অক্টোবর নাকনো এরিকোর রিটের সাথে ইমরান শরীফের রিটটিও শুনানির জন্য কার‌্যতালিকায় ওঠে। কিন্তু এ বিষয়ে উভয় পক্ষই অনড় অবস্থানে থাকলে আদালত লিখিত যুক্তি দাখিল করতে বলে গত বৃহস্পতিবার শুনানির জন্য রাখে।

ওইদিন শুনানির পর রোববার ৩টায় আবার শুনানির জন্য রাখে আদালত। সে অনুযায়ী ভার্চুয়াল শুনানির পর হাই কোর্ট্ ১৪ নভেম্বর রায়ের জন্য রাখে।

আদালতের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ১১ জুলাই নাকানো এরিকো (৪৬) ও ইমরান শরীফ (৫৮) বিয়ে করেন। দুজনের ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুজনের কেউই নিজ ধর্ম ত্যাগ করেননি।

এর মধ্যে দাম্পত্য কলহ-বিবাদের জেরে গত ১৮ জানুয়ারি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এরিকো।

টোকিওতে এক যুগের দাম্পত্য জীবনে তারা তিন মেয়ের বাবা-মা হন। তাদের বয়স যথাক্রমে ১১, ১০ ও ৭ বছর। তিন মেয়ে টোকিওর একটি স্কুলে পড়ে।

গত ২১ জানুয়ারি ইমরান টোকিওর ওই স্কুল কর্তৃপক্ষের কাছে তার এক মেয়েকে নিয়ে যাওয়ার আবেদন করেছিলেন। তবে এরিকোর সম্মতি না থাকায় স্কুল কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে।

পরে স্কুলবাসে করে বাড়ি ফেরার পথে বাস স্টপেজ থেকে ইমরান বড় দুই মেয়েকে অন্য একটি ভাড়া বাসায় নিয়ে যান বলে এরিকোর ভাষ্য।

২৫ জানুয়ারি ইমরান তার আইনজীবীর মাধ্যমে এরিকোর কাছে সন্তানদের পাসপোর্ট হস্তান্তরের আবেদন করলে এরিকো তা প্রত্যাখ্যান করেন।

এদিকে গত ২৮ জানুয়ারি সন্তানদের জিম্মায় চেয়ে টোকিওর পারিবারিক আদালতে মামলা করেন এরিকো।

টোকিওর আদালত গত ৭, ১১ ও ১৪ ফেব্রুয়ারি পারিবারিক সাক্ষাতের আদেশ দেয়। তবে ওই আদেশ না মেনে ইমরান শরীফ শুধু একবার মায়ের সঙ্গে বড় দুই মেয়ের সাক্ষাতের সুযোগ দেন বলে এরিকো হাই কোর্টে করা আবেদনে বলেছেন।

গত ৯ ফেব্রুয়ারি ইমরান মেয়েদের জন্য নতুন পাসপোর্টের আবেদন করেন। ১৭ ফেব্রুয়ারি নতুন পাসপোর্ট গ্রহণ করার পর গত ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন তিনি।

এদিকে গত ৩১ মে টোকিওর পারিবারিক আদালত এরিকোর অনুকূলে বড় দুই মেয়ের জিম্মা হস্তান্তরের আদেশ দেয়।

বাংলাদেশের হাই কোর্টে করা রিট আবেদনে এরিকো বলেছেন, করোনাভাইরাস মহামারীর কারণে এতদিন বাংলাদেশে আসতে পারেননি তিনি। গত ১৮ জুলাই শ্রীলঙ্কা হয়ে তিনি বাংলাদেশে আসেন।

এরিকো জানান, ইমরান মেয়েদের সঙ্গে দেখা করাতে গত ২৭ জুলাই তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছিলেন। এতে তার মনে আশঙ্কা হয়, ইমরান মেয়েদের আর কখনও তার সঙ্গে ‘দেখা করতে দেবেন না’। এ কারণেই তিনি হাই কোর্টে রিট আবেদন করেন।

পুরনো খবর:

জাপানি মায়ের সন্তানদের জিম্মা: চূড়ান্ত শুনানি ২৮ অক্টোবর