বসুন্ধরা এমডি ‘হত্যাচেষ্টা’: সাইফুল ৩ দিনের রিমান্ডে
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনায় যুক্ত সন্দেহে গ্রেপ্তার এক যুবককে জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
রোববার বিকালে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।
রাজধানীর ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার সাইফুল ইসলামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।
ঢাকা মহানগর আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এসব তথ্য জানান।
আসামি পক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবী ফিরোজ আলম।
গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে সন্দেহভাজন হিসেবে সাইফুলকে আটক করে ভাটারা থানা পুলিশ।
এ যুবকের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার জুমার নামাজ চলাকালীন সায়েম সোবহান আনভীরকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল এ যুবকের।
এর আগে দুধে বিষ মিশিয়ে এবং ছুরিকাঘাতে হত্যার ষড়যন্ত্রও করেছিল সংঘবদ্ধ চক্রটি বলে দাবি করা হয়।
তবে একাধিকবার চেষ্টা করেও সেসব পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয় তারা।
