সাম্প্রদায়িক হামলা: পররাষ্ট্র-আইনমন্ত্রীর বক্তব্যে ব্যথিত, কাদেরের প্রশংসা রানা দাশগুপ্তের
মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনার প্রেক্ষাপটে পররাষ্ট্র ও আইনমন্ত্রীর বক্তব্যে ব্যথিত ও বিস্মিত হলেও ওবায়দুল কাদেরের প্রশংসা করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানান রানা দাশগুপ্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আগামী ১২ নভেম্বর বিকাল ৪টায় দেশব্যাপী ধিক্কার মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
ওইদিন এ কর্মসূচি পালিত হবে ঢাকার শাহবাগ ও চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে।
এবার দুর্গাপূজা চলাকালে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সপ্তাহখানেক আগে একটি বিবৃতি দেন। এরপর আইনমন্ত্রী আনিসুল হকের সংখ্যালঘু সুরক্ষা আইন ও সাক্ষী সুরক্ষা আইন বিষয়ক বক্তব্য নিয়ে সংশয় তৈরি হয় ঐক্য পরিষদের নেতাদের মধ্যে।
পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির সমালোচনা করে রানা দাশগুপ্ত বলেন, “সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আমাদের ভীষণভাবে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। সামগ্রিক ঘটনাকে লঘু করে দেখাবার তার প্রবণতা বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে ক্ষুন্ন করেছে।
“তিনি তার বিবৃতিতে পবিত্র কোরআন শরীফ যে কুমিল্লার পূজামণ্ডপের হনুমানের মূর্তিতে রেখেছিল তাকে 'মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে' বলে মূল ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছেন।“
তদন্তকালীন সময়ে সিআইডির ভাষায় 'সে ভবঘুরেও নয় মানসিক ভারসাম্যহীনও নয়, সে চতুর' উল্লেখ করে তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রীর এ দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন বিবৃতির জন্য আজকের এ সংবাদ সম্মেলন থেকে আমরা তাকে ধিক্কার জানাই।”
পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি এক বিবৃতিতে বলেছিলেন, সম্প্রতি দেশে সাম্প্রদায়িক সহিংসতার সময় কেউ ধর্ষিত হয়নি; একটি মন্দিরেও অগ্নিসংযোগ কিংবা ধ্বংস করা হয়নি। ধর্মীয় সহিংসতায় এখন পর্যন্ত মাত্র ছয় জন মারা গেছেন, যাদের মধ্যে চার জন মুসলমান।
হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার সময় পুলিশের গুলিতে তারা নিহত হন। দুজন হিন্দু মারা যান যাদের মধ্যে একজনের সাধারণ মৃত্যু হয়েছে। অন্যজন পানিতে ডুবে মারা গেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
অপরদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ আরও কিছু সংখ্যালঘু সংগঠন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি করে আসছে দীর্ঘদিন ধরে।
আইনমন্ত্রী আনিসুল হক এ আইন নিয়ে ইউটার্ন নিয়েছেন মন্তব্য করে রানা দাশগুপ্ত বলেন, “আইনমন্ত্রীর ‘ইউটার্ন' আমাদের হতবাক ও বিস্মিত করেছে। ইতিমধ্যে এক সেমিনারে তিনি বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন আইন প্রণয়ন করা হচ্ছে এবং দ্রুততম সময়ে তা পার্লামেন্টে উত্থাপন করা হবে।
“এরপর চারদিন যেতে না যেতেই তিনি বললেন, সংখ্যালঘু সুরক্ষা আইন নয়, সাক্ষী সুরক্ষা আইনের কথা বলেছেন।”
তবে গত মাসে আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে এক সাংবাদিক বন্ধু সংখ্যালঘু সুরক্ষা আইনের বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন। এসময় পাশ থেকেও কথার শব্দ আসছিল। ফলে মন্ত্রী সংখ্যালঘু শব্দটি শুনতে পাননি।
“তিনি (মন্ত্রী) আসলে সাক্ষী সুরক্ষা আইনের বিষয়ে উত্তর দিয়েছেন। আইনমন্ত্রী তার জবাবে সংখ্যালঘু শব্দটি একবারের জন্যও ব্যবহার করেননি।“
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে রানা দাশগুপ্ত বলেন, “গত ২ নভেম্বর তার ভার্চুয়াল ভাষণে সত্য কথা তুলে ধরার জন্যে আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের রক্ষায় শুধু কথাই নয় কাজের মধ্য দিয়ে তা দৃশ্যমান করা আজ যথার্থ অর্থেই প্রয়োজন।“
এসময় তিনি ২০১৮ সালের নির্বাচনের প্রাক্কালে ঘোষিত সরকারি দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের মতো অঙ্গীকারগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাম্প্রতিক সব সাম্প্রদায়িক সহিংসতার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত করে দলমত নির্বিশেষে জড়িতদের শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলন সাবেক সাংসদ উষাতন তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিমচন্দ্র ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
