‘কোথায় সেই মোকসেদ মামা, কোথায় আজ কলিম চাচা’
কেন বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলা হয়? উত্তর খুঁজতে গিয়ে বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস স্মরণ করলেন তার ছেলেবেলার কথা, যখন এক ধর্মের মানুষ ছিল অন্য ধর্মের মানুষের সুখ-দুঃখের সাথী।
সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষাপটে শুক্রবার ঢাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি বললেন, ‘রাজনীতিতে ধর্মের ব্যবহারই’ সেই সময়ের সঙ্গে আজকের সমাজের ধর্মীয় দৃষ্টিভঙ্গির বড় পার্থক্য গড়ে দিয়েছে।
“ছোট বেলা অতটা মসৃণ না হলেও বর্তমানের মত ছিল না; ধর্মের অবমাননার অজুহাত তুলে একে একে সংখ্যালঘুদের ওপর হামলা করা হত না অতীতে। ছোট বেলায় সব ধর্মের মানুষ একত্রে বসবাস করত আর এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের সুখ দুঃখে এগিয়ে আসত।”
পঞ্চাশোর্ধ হীরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “ওই সময় ছিল মোকসেদ মামা, কলিম চাচাদের মত মানুষ। এখন কোথায় সেই মোকসেদ মামা, কোথায় সেই কলিম চাচা?”
এবারের দুর্গা পূজার সময় কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে কুমিল্লা হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয় হিন্দু সম্প্রদায়।
ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় আইন প্রণয়ন ও কমিশন গঠনের যে দাবি হিন্দুদের বিভিন্ন সংগঠন জানিয়ে আসছিল, সাম্প্রতিক সহিংসতার পর তা নতুন করে জোর পেয়েছে।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের সভাপতি মনোরঞ্জন ঘোষাল বলেন, “সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন সরকারকে করতেই হবে। তা না হলে... ইতোমধ্যে যদিও সরকারের কিছু ভাবমূর্তি নষ্ট হয়েছে।”
দুর্গা পূজার অষ্টমীর দিন কুমিল্লার ঘটনা ঘটে। তারপর পাঁচ দিন বিভিন্ন জেলায় কীভাবে একই কায়দায় সহিংসতা হতে পারল, এই ব্যর্থতা কার- সেই প্রশ্ন সবার সামনে রাখেন মনোরঞ্জন ঘোষাল।
তিনি বলেন, “শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলেই তো হবে না। সারাদেশে, সমাজে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কত নেতাকর্মী রয়েছে?”
এখনও দেশের অনেক এলাকায় হিন্দুদের মনে ‘আতঙ্ক ও আশঙ্কা’ কাজ করছে বলে জানান হিন্দু ফোরামের সভাপতি।
সংগঠনের সহ-সভাপতি কালীপদ মজুমদার বলেন, “আমাদের এদেশ থেকে বিতাড়িত করে তারা আফগানিস্তান বানাতে চায়। অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার বিচার হলে এরকম ঘটনা ঘটত না।”
সংবাদ সম্মেলনে বলা হয়, সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কয়েকশ মানুষ। প্রধানমন্ত্রী সংহিসতা বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার পরও বগুড়া, কুষ্টিয়াসহ কয়েকটি জেলায় হিন্দুদের উপাসনালয় ও বাড়িঘরে হামলা হয়েছে।
এ পর্যন্ত ঘটা সকল সাম্প্রদায়িক হামলা-ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন ও নিরাপত্তার দাবি জানানো হয় জাতীয় হিন্দু ফোরামের সংবাদ সম্মেলনে।
