২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে ‘সহিংসতার’ দিকে নিয়ে যাওয়া হচ্ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ধর্মভীরুতার’ সুযোগ নিয়ে অতি সম্প্রতি দেশকে ‘সহিংসতার’ দিকে নিয়ে যাওয়া হচ্ছিল মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘কমিউনিটি পুলিশিং’ এর কারণে ওই অপচেষ্টা সফল হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 08:27 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

এ বছর ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার এ দিবস পালন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অতি সম্প্রতি আমরা দেখেছি যে ধরনের উস্কানি আসছিল, যেভাবে জনগণকে উদ্বুদ্ধ করেছিল, জনগণকে আকৃষ্ট করেছিল- একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল সেটাও কিন্তু আমাদের জনগণ এবং পুলিশ একত্রিত হয়ে…, সেই জায়গা থেকে নিস্তার পেয়েছি।”

‘ধর্মভীরুতার’ কারণে একটা বড় ধরনের ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “অপরাধ সংঘটনের আগেই সবাইকে সচেতনতার মাধ্যমে তা ‘রুখে’ দেওয়াই মূলত কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব। পৃথিবীতে অনেক দেশে সফল হয়েছে, আমাদের দেশও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।“

সঠিক সময়ে সঠিক কাজটি করা হচ্ছে বলেই সব কিছুর চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

দুর্গাপূজার মধ্যে অষ্টমীর দিন গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ে দর্পণ সংঘের পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়।

‘কোরআন অবমাননার’ অভিযোগ তুলে হামলা, ভাংচুর চালানো হয় অন্তত আটটি মন্দিরে। এর জের ধরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা হয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় পাঁচজন।

এর পরের কয়েক দিনে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুরসহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়। তাতে নোয়াখালীতে নিহত হয় দুজন।

শনিবার কমিউনিটি পুলিশিং দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ ধারণার বাইরে বেড়ে যাচ্ছে। এটার ব্যাপারে বড় আকারে কাজ চলছে। তবে প্রযুক্তির খারাপ ব্যবহার হচ্ছে, তেমনি ভালো ব্যবহারও হচ্ছে।

“আমাদের ভালোর দিকটাই করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, তার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন; একজন ভালো মানুষ ছিলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাকে কিছু করতে হলে ভালো মানুষ হতে হবে, যদি ভালো মানুষ না হই, আমি যত ভালো কথাই বলি আমার কথা কেউ শুনবে না। আমরা কি একজনকে অপরাধ করতে দেব নাকি এমন কাজ করব যে কারণে অপরাধের সংখ্যা যেমন কমে আসবে, তেমনি জেলখানায় অপরাধীর সংখ্যাও হ্রাস পাবে।”

সাধারণের সঙ্গে মিলেমিশে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, তা হলে ইভ টিজিং, বাল্য বিবাহ কমে আসবে। পুলিশের ম্যানুয়ালে অনেক কিছুই নাই, তারপরও পুলিশকে করতে হবে।

“পুলিশের পোশাক পরে ছোট বাচ্চাদের সঙ্গে মিশে তাদের ‘ইনফ্লূয়েন্স’ করার ক্ষেত্রে আপনাদের অনেক ভূমিকা আছে।”

এই শহরের রাজপথে ভীতিমুক্ত পরিবেশে শিশু ও নারীর হেঁটে যাওয়ার মতো ভীতিমুক্ত পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা চেয়ে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, এটা পুলিশের পক্ষে এককভাবে সম্ভব নয়।

“অংশীদারিত্বের মাধ্যমে এ কাজ করতে হবে। এ অংশীদারিত্ব হবে কমিউনিটি, সমাজ, নাগরিক, জনগণের সঙ্গে।“

সাইবার অপরাধ ও সোশাল মিডিয়া বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এগুলোতে প্রতিনিয়ত অপরাধ বাড়ছে। তিনি এ জন্য প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন।

প্রযুক্তিভিত্তিক এই পুলিশিংয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজন উল্লেখ করে আইজি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা চান।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, কমিউনিটি পুলিশিং পারে সমাজের সব পর্যায়ের অপরাধ কমিয়ে আনতে।